সংস্কার না করায় নড়বড়ে সেতু, ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা–ফুলছড়ি–সাঘাটা সড়কের সরকারতারি বেইলি সেতুর স্টিলের পাটাতান স্থানচ্যুত হয়েছে। এতে এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে l ছবি: প্রথম আলো
গাইবান্ধা–ফুলছড়ি–সাঘাটা সড়কের সরকারতারি বেইলি সেতুর স্টিলের পাটাতান স্থানচ্যুত হয়েছে। এতে এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে l ছবি: প্রথম আলো

নাটবল্টু খুলে যাওয়ায় গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা-ফুলছড়ি-সাঘাটা সড়কের সরকারতারি বেইলি সেতুর কয়েকটি পাটাতন আলগা হয়ে গেছে। এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে নির্মাণ করার পর সেতুটি আর সংস্কার করা হয়নি। এ কারণে সেতুর স্টিলের পাটাতনগুলো জরাজীর্ণ হয়ে গেছে। পাটাতন ভেঙে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে ১৮ এপ্রিল দেখা যায়, পুরো সেতুটিই নড়বড়ে। নাটবল্টু খুলে যাওয়ায় মাঝের কয়েকটি পাটাতন স্থানচ্যুত হয়ে পড়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ বোঝাতে গাইবান্ধার সড়ক ও জনপথ বিভাগ এর দুই পাশে লাল কাপড় টানিয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় সতর্কতা সংকেত থাকার পরেও অনেকেই ঝুঁকি নিয়েই সেতু পারাপার হচ্ছে।
ওই দিন দুপুরের দিকে মোটরসাইকেল নিয়ে সেতু পার হচ্ছিলেন সাঘাটা উপজেলার ভরতখালি গ্রামের চাকরিজীবী জাহেদুল ইসলাম। ছবি তুলতে দেখে মোটরসাইকেল থামিয়ে তিনি বলেন, সড়কপথে জেলা শহরে যেতে সাঘাটা ও ফুলছড়ি উপজেলাবাসীকে এ সেতুই পার হতে হয়। আর কোনো বিকল্প নেই। অথচ গুরুত্বপূর্ণ এ সেতুটির এই নাজুক অবস্থা দেখার কেউ নেই।
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, গাইবান্ধা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে ব্রিটিশ আমলে গাইবান্ধা-ফুলছড়ি-সাঘাটা সড়কের সরকারতারি এলাকায় খালের ওপর এ সেতুটি নির্মিত হয়। কিন্তু এরপর আর এর কোনো সংস্কার হয়নি। মাস খানেক আগে ঝালাই খুলে যাওয়ায় সেতুর পাটাতন সরে যায়।
স্থানীয় বাদিয়াখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে প্রায় পাঁচ লাখ মানুষ জেলা শহরে যাতায়াত করে। অথচ নতুন সেতু নির্মাণে সওজ বিভাগকে তাগাদা দিয়েও কোনো কাজ হচ্ছে না।
গাইবান্ধা সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী আপেল মাহমুদ বলেন, সেতুটি জরুরিভাবে মেরামতের চেষ্টা করা হচ্ছে। এখানে নতুন সেতু নির্মাণের জন্য একটি প্রকল্পের খসড়া সড়ক অধিদপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই কাজ শুরু হবে।