সংস্কার না করায় সেতু নড়বড়ে ২৩ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার খারুভাজ নদীর ওপর নির্মিত নেকিরহাট খারুভাজ সেতুর পিলারে ফাটল সৃষ্টি হয়েছে এবং প্রতিরক্ষা দেয়াল ভেঙে দেবে গেছে। এতে আশপাশের ২৩ গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে ওই সেতুর ওপর দিয়ে চলাচল করছে। নির্মাণের ২৩ বছর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ না নেওয়ায় সেতুর এই দুরবস্থা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকার কয়েকজন ও সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের সঙ্গে রংপুর শহরের যোগাযোগ সহজ করতে ১৯৯৩ সালে সেতুটি নির্মাণ করা হয়। প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে নেকিরহাট বাজারের কাছে ৬০ মিটার দীর্ঘ ও ৫০ দশমিক ৫ মিটার প্রস্থের সেতু নির্মাণ করে পাউবো।
পাউবো সৈয়দপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুস শাহিদ মুঠোফোনে বলেন, ‘ওই সেতুটির বিষয়ে আমাকে কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে সেতুটি সংস্কারের পরিকল্পনা করব।’
সরেজমিনে দেখা যায়, সেতুর উইংওয়াল ভেঙে দেবে গেছে। পিলারগুলোয় দেখা দিয়েছে ফাটল। এরই মধ্যে ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারী চলাচল করছে।
খারুভাজ গ্রামের দিনমজুর মমিনুল ইসলাম বলেন, ‘উপজেলা চেয়ারম্যান, ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা), ইঞ্জিনিয়ার আসি ব্রিজখানের ফাটা দেখি গেইছে। তবু কায়ো (কারও) ব্রিজকোনা ঠিক করি দেয়ছে না। মানুষ পরি না মইলে বোধায় একনা ঠিক হইবে না।’
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিছার রহমান জানান, হালকা ও ভারী যানবাহন ছাড়াও ইউনিয়নের ২৩টি গ্রামের ৩৩ হাজার মানুষ এ সেতুর ওপর দিয়ে কম সময়ে রংপুর শহরে যাতায়াত করে। সংস্কারের অভাবে সেতুটি ভেঙে পড়লে হাড়িয়ারকুঠি থেকে অল্প সময়ে রংপুর শহরে যাওয়া বন্ধ হয়ে যাবে। এর ফলে ইউনিয়নের কয়েক হাজার মানুষকে পোহাতে হবে দুর্ভোগ।
সেতু এলাবার কৃষক মিনারুল ইসলাম বলেন, ‘ব্রিজ কোনাত ওঠলে ভয় নাগে। মনে হয় এই বুঝি ভাংগি পড়িল।’ নেকিরহাট গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ‘একনা পুরাতন ব্রিজ। এটার ওপর যখন গাড়ি ওঠে তখন সেতু দুলতে থাকে।’
মেনানগর গ্রামের মোফাজ্জল হোসেন জানান, সেতুটি ঠিক করার জন্য গ্রামের লোকজন পাঁচ-ছয়বার ইউপি চেয়ারম্যানকে বলেছেন। দুই মাস আগে এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট এলাকার সাংসদকেও জানিয়েছেন। তবুও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘এলাকার লোকজন আমার কাছে ওই সেতুটি সংস্কারের দাবি করেছেন। বিষয়টি আমি পাউবোর সৈয়দপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। কেন তাঁরা সেতুটি সংস্কার করছে না, তা জানি না।’
নেকিরহাট বাজারের ব্যবসায়ী সোলেমান হোসেন বলেন, ‘ব্রিজ কোনাত উঠলেই কলিজা উড়ি যায়। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে এ ব্রিজ কোনার ওপর দিয়ে যাওয়া-আসা করতে হয়।’
হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ‘আমি দেখেছি সেতুটির উইংওয়াল ভেঙে দেবে গেছে। কিন্তু ইউনিয়ন পরিষদের তহবিলে টাকা না থাকায় এটি সংস্কার করতে পারছি না। তবে বিষয়টি তিন মাস আগে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটিতে আলোচনা করেছি। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডকেও সেতুটি সংস্কার করতে বলেছি। এখন পর্যন্ত কোনো ফল হয়নি।’