সংস্কার না করায় জরাজীর্ণ বৃষ্টির পানি ঠেকাতে পাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের একটি জরাজীর্ণ ঘর l প্রথম আলো
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের একটি জরাজীর্ণ ঘর l প্রথম আলো

জং ধরে টিনের চাল নষ্ট হয়ে গেছে। দরজা-জানালাও ভেঙে গেছে। দীর্ঘ ১৮ বছরেও সংস্কার না করায় এ রকম জরাজীর্ণ কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর। এ অবস্থায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কান্দুলী গ্রামে অবস্থিত এ প্রকল্পে ৬০টি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে সরকারি অর্থায়নে উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামে ৮ দশমিক ০৮ একর খাস জমির ওপর আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন ৩৭ এসটি ব্যাটালিয়ন ইউনিট প্রকল্পটি বাস্তবায়ন করে। এ প্রকল্পের নাম দেওয়া হয় ‘কুঞ্জবিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্প’। প্রকল্পে মসজিদ, কবরস্থান, পুকুর, সমবায় সমিতির কার্যালয়সহ টিনের তৈরি ৬টি ব্যারাক (লম্বা ঘর) রয়েছে। প্রতিটি ব্যারাকে ১০টি করে ছোট ঘর রয়েছে। ওই সময় ৭ শতাংশ কৃষি ও আড়াই শতাংশ বসতভিটার জমিসহ একটি ভূমিহীন পরিবারকে এসব ব্যারাকের একটি করে ঘর বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পে ১০টি পরিবারের জন্য যৌথভাবে ৪টি শৌচাগার ও দুটি গোসলখানা নির্মাণ করে দেওয়া হয়। প্রতিটি ব্যারাকের জন্য ১টি করে নলকূপ দেওয়া হয়। কিন্তু গত ১৮ বছরে নলকূপ, ঘরসহ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে।
গত ২৯ মার্চ আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, প্রতিটি ব্যারাকই জরাজীর্ণ। অনেক ব্যারাকের চালের টিন আলগা হয়ে গেছে। অনেক পরিবার নিজেদের টাকা দিয়ে দু-একটি করে চালের টিন জোড়াতালি দিয়ে বাস করছে। নলকূপগুলো অকেজো হয়ে পড়ায় বিশুদ্ধ খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। শৌচাগারগুলো নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাসিন্দারা শৌচাগারের ভেঙে যাওয়া দরজা পলিথিন দিয়ে ঢেকে রেখেছে।
প্রকল্পের বাসিন্দা মহিরউদ্দিন ও মহর আলী জানান, সরকার ভূমিহীনদের পুনর্বাসন করতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে দেয়। কিন্তু দীর্ঘদিন পরও সংস্কার না করায় প্রকল্পের ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এতে তাঁরা নানা সমস্যার মধ্যে থাকলেও সরকারিভাবে তা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
প্রকল্পের ৪ নম্বর ব্যারাকের বাসিন্দা ও কান্দুলী আশ্রয়ণ প্রকল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামিউল হক প্রথম আলোকে বলেন, প্রতিটি ব্যারাকের চালের টিনে ছিদ্রের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ছিদ্র দিয়ে ঘরের ভেতরে পানি পড়ে। বৃষ্টির পানি ঠেকাতে হাঁড়ি-পাতিল নিয়ে বসে থাকতে হয়। এ ছাড়া বর্ষাকালে প্রকল্প এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর ফলে ভূমিহীন ছয়টি পরিবারের প্রায় ২০০ মানুষ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এখানে বাস করছে।
এ বিষয়ে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন প্রথম আলোকে বলেন, শিগগিরই আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।