সংস্কার না করায় বেহাল রাজবাড়ী রেলস্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী রেলস্টেশনের ছাউনি ও ভবন দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না। স্টেশনের টিনের ছাউনিতে অসংখ্য ছিদ্র থাকায় বর্ষাকালে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। আর কর্মচারীরা পলেস্তারা খসে পড়া জরাজীর্ণ স্টেশন ভবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন।
রাজবাড়ী রেলওয়ের কর্মকর্তারা বলেন, ব্রিটিশ আমলে এখানে রেললাইন স্থাপন করা হয়। রাজবাড়ী থেকে সারা দেশ ও ভারতের সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল রেললাইন। এখনো প্রতিবছর একবার ভারতের মেদিনীপুরের ওরসে রাজবাড়ী রেলস্টেশন থেকে দেশের একমাত্র ট্রেনটি ছাড়ে। রাজবাড়ী থেকে প্রতিদিন ছয়টি আন্তনগর, মেইল ও শাটল ট্রেন ছেড়ে যায়। এর মধ্যে রাজবাড়ী-ফরিদপুর এক্সপ্রেস, গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার উদ্দেশে কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ও রাজশাহীর উদ্দেশে আন্তনগর মধুমতি এক্সপ্রেস আছে। এ ছাড়া যশোর হয়ে খুলনার দিকে মেইল ট্রেন নকশিকাঁথা এবং পোড়াদহের উদ্দেশে দিনে দুবার একটি শাটল ট্রেন ছেড়ে যায়।
১৮ জুলাই সরেজমিনে দেখা যায়, রেলস্টেশনের প্ল্যাটফর্মের ছাউনির বিভিন্ন অংশ ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি হলে ফুটো দিয়ে পানি পড়ে প্ল্যাটফর্ম ভিজে যায়। এতে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
স্টেশনমাস্টার ও টিটিইদের বসার কক্ষের ছাদের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে রড বেরিয়ে পড়েছে। এ ছাড়া ঢালাই উঠে মেঝেও এবড়োখেবড়ো হয়ে গেছে। কার্যত স্টেশনমাস্টারের কক্ষ থেকে ট্রেনের গতিবিধিসহ যাবতীয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। একজন কর্মচারী সব সময় এই কক্ষে থাকেন। ফলে তাঁকে ঝুঁকি নিয়েই কাজ করতে হয়।
নকশিকাঁথা ট্রেনের যাত্রী আজম খান বলেন, স্টেশনের ছাউনিটা ঠিক না করায় বর্ষায় তাঁদের ভোগান্তিতে পড়তে হয়।
রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী আরিফুল ইসলাম বলেন, বৃষ্টির দিনে তাঁদের ট্রেনে ওঠানামা করতে নানা সমস্যা হয়। ছাউনি থেকেও নেই। এ ছাড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেশ উঁচুতে থাকে। প্ল্যাটফর্ম আরেকটু উঁচু হলে তাঁদের ট্রেনে চড়তে সমস্যা হতো না। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত।
নাম প্রকাশ না করার শর্তে স্টেশনের এক কর্মচারী বলেন, ভবনটা অনেক দিন সংস্কার না করা হলেও ছাউনিটা তিন বছর আগে সংস্কার করা হয়। কিন্তু ঠিকাদার প্রভাবশালী হওয়ায় কাজের মান নিয়ে কিছু বলা যায় না।
স্টেশনমাস্টার কামরুজ্জামান বলেন, এ স্টেশন দিয়ে প্রতিদিন হাজারো মানুষ আসা-যাওয়া করে। স্টেশনের ছাউনি ও কক্ষের সংস্কার দরকার। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেছেন।
রাজবাড়ীর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) সুলতান আলী জানান, রেলওয়ে ভবন ১৪-১৫ বছর সংস্কার করা হয় না। আর ছাউনিটাও মেরামত করা দরকার। বরাদ্দ পেলে সংস্কারকাজ শুরু করা হবে।