
পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে পাঁচ-ছয় বছর আগে। এরপর আর সংস্কার করা হয়নি। তাই বৃষ্টি হলেই ওই খানাখন্দে পানি জমে সড়কগুলো কাদাপানিতে একাকার হয়ে যায়। সড়কগুলোর কোথাও কোথাও অবস্থা এতটাই খারাপ যে হেঁটেও চলাচল করা যায় না। এতে পৌরসভার অর্ধলক্ষাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
এই করুণ অবস্থা লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৩০টি সড়কের। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকায় ৪০ কিলোমিটার পিচঢালাইয়ের সড়ক রয়েছে। এ ধরনের ৫০টি সড়কের মধ্যে ৩০টিতেই খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত বর্ষা মৌসুমে কিছু সড়কের খানাখন্দগুলো যান চলাচলের উপযোগী রাখার জন্য খোয়া দিয়ে সংস্কার করা হয়। কিন্তু সেগুলো বেশি দিন টেকেনি।
গত রবি ও শনিবার সরেজমিনে দেখা গেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ উল্যা সড়ক, মালের বাড়ি, শহীদ মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ পারভেজ, গাজী নগর, টিসি, টিঅ্যান্ডটি, এলএম স্কুল থেকে এমপি এবং মুক্তিযোদ্ধা খসরু ও কামাল উদ্দিন ভূঁইয়া সড়কের পিচঢালাই উঠে গেছে। অনেক স্থানে মাটি বের হয়ে আছে।
৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল আজিজ বলেন, শহীদ মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ পারভেজ সড়কে পাঁচ বছর আগেই পিচঢালাই উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় অনেক গর্তে হাঁটুসমান পানি হয়। পথ চলতে গিয়ে প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন। এখন আর এ সড়কে যানবাহন চলে না।
মধুপুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের এবং পৌর শহরের দেনায়েপুর গ্রামের বাসিন্দা আরিফুর রহমান বলেন, চলতি অর্থবছরে ৭০-৮০ গুণ পৌর কর বৃদ্ধি করা হয়েছে। কিন্তু রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। খারাপ রাস্তায় রিকশাভাড়া গুনতে হয় দ্বিগুণ।
স্কুলশিক্ষক আমির হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ পারভেজ সড়কে আমি গত মঙ্গলবার মোটরসাইকেল নিয়ে আসার সময় পড়ে যাই। এতে বিশ্রী এক অবস্থার সৃষ্টি হয়।’
ছয়জন সাবেক ও বর্তমান কাউন্সিলর বলেন, বর্ষা মৌসুমে সড়কের ওপর পানি জমে যায়। মূলত পানিনিষ্কাশনের সুবিধা না থাকায় সড়কগুলো অতি দ্রুত বেহাল হয়ে পড়ে। অনেক সড়কের অবস্থা এতটাই করুণ যে যানবাহন সাবধানে না চালালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সড়কগুলোর দুরবস্থার বিষয়ে জানতে চাইলে পৌরসভার মেয়র ইসমাইল প্রথম আলোকে বলেন, পৌরসভার অধিকাংশ সড়কেই গর্তের সৃষ্টি হয়েছে সত্য। অর্থ-সংকটের কারণে সড়কগুলো সংস্কার করা যাচ্ছে না। কয়েক মাস আগে সড়ক সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।