সংস্কার না হওয়ায় যাত্রী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-কয়রা মহাসড়কের কয়রা সদর থেকে চাঁদ আলী সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার ও পাইকগাছা সদর থেকে বেতগ্রাম পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কে পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে ওই সড়কে সাধারণ মানুষকে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কে পিচ ও ইট উঠে গিয়ে মাটি বের হয়ে পড়েছে। সেই সঙ্গে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। গাড়ি চলাচলের সময় গর্তে জমে থাকা কাদাপানিতে পথচারীদের পোশাক নষ্ট হচ্ছে। অনেক সময় ট্রাক থেকে পণ্য নামিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এ ছাড়া গর্তে ট্রাকের চাকা আটকে গেলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাসচালক জাহাঙ্গীর আলম বলেন, ঝুঁকি নিয়ে এ সড়কে বাস চালাতে হচ্ছে। এলাকাবাসী জানান, সাড়ে চার বছরে সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুরোধ করা হলেও কোনো ফল পাওয়া যায়নি।
খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল রাজ্জাক বলেন, ‘খোয়া-বালু দিয়ে চলাচলের উপযোগী করা ছাড়া আপাতত কোনো পথ নেই। কাজের জন্য মন্ত্রণালয়ে একটি বিল পাঠানো হয়েছে। বরাদ্দ না পাওয়ায় কাজ করা যাচ্ছে না।’
খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা সওজ ও সাংসদের কাছে বারবার অনুরোধ করেছি। এমনকি তাঁদের হাতে-পায়ে ধরে রাস্তাটা ঠিক করে দিতে বলেছি। কিন্তু লাভ হয়নি। পাঁচ বছরে সাংসদ এই রাস্তাটা ঠিক করতি পারলেন না। শুধু বসে বসে নছিমন, করিমনের কাছ থেকে চাঁদা আদায় করছেন। এবার যে কি ভোট পাবেনে, তা বুঝতি পারবেনে নির্বাচন আসলি।’
কয়রা উপজেলা মৎস্য আড়ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস বলেন, ‘সড়কটিতে সব ধরনের যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সে কারণে নৌপথে খুলনায় মাছ পাঠাতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেশি লাগছে।’
খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সাংসদ সোহরাব আলী বলেন, ‘তালা থেকে পাইকগাছার গোলাবাড়ি পর্যন্ত কাজ করা হয়েছে। বাকি কাজের জন্য আমি দাবড়া-দাবড়ি করতিছি। মাঝে মাঝে ওরা এসে খোয়াটোয়া ফেলে। নতুন করে কাজ করার জন্য ইস্টিমিট করা হচ্ছে বলে আমি জানি।’