
টার্মিনালজুড়ে বড় বড় গর্ত। খানাখন্দের কারণে হাঁটাও দায়। বিভিন্ন জায়গায় জমে আছে বৃষ্টির পানি। টার্মিনালের পাশে আবর্জনার ভাগাড়। সেই আবর্জনা নিয়মিত অপসারণ না করায় তা ছড়িয়ে পড়েছে টার্মিনালের ভেতরে। তাই কাদাপানি, ময়লা-আবর্জনা মাড়িয়েই বাসে উঠতে হয় যাত্রীদের। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালের চিত্র এখন এমনই।
সোয়া তিন একর জায়গাজুড়ে বরিশাল শহরের নথুল্লাবাদ এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের অবস্থান। পরিবহনমালিক ও শ্রমিকদের অভিযোগ, তদারকি না থাকা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে টার্মিনালটি দিনে দিনে পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় বাস পার্কিংয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। বাসে ওঠার সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বর্ষা মৌসুম হওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
এ বিষয়ে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘নথুল্লাবাদ বাস টার্মিনালটি দেখলে মনে হবে কাদাপানির ডোবা। পাকিংব্যবস্থা খুবই খারাপ। আমরা সিটি করপোরেশনকে গাড়ি পার্কিংয়ের জন্য অর্থ দিই। কিন্তু সিটি করপোরেশন সংস্কারকাজ করছে না। গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠা-নামায় চরম দুর্ভোগ পোহাতে হয়।’
তবে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘বাসস্ট্যান্ডটি ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হবে। এ কারণে সংস্কারকাজ করা হচ্ছে না। আগামী বছরের মধ্যে নতুন টার্মিনাল ভবন ও বাসস্ট্যান্ডের কাজ শুরু করা হবে। এ জন্য ১৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।’
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, টার্মিনালের প্রবেশপথেই কাদাপানি জমে আছে। বিভিন্ন জায়গায় ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। টার্মিনালের উত্তর পাশের বেশির ভাগ অংশও খানাখন্দে ভরা। দক্ষিণ পাশও কাদাপানিতে ভরা। টার্মিনালের পাশে ফেলা আবর্জনা ভেতরেও ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। পরিবহনশ্রমিকদের অভিযোগ, সিটি করপোরেশন ওই আবর্জনা নিয়মিত পরিষ্কার না করাতেই এমন হাল হয়েছে।
ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী অন্তত তিনটি পরিবহন কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হয় টার্মিনালটির বর্তমান অবস্থা নিয়ে। তাঁরা অভিযোগ করেন, টার্মিনালের ভেতরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় গাড়ি পার্কিং করতে সমস্যা হচ্ছে। যাত্রীদেরও কাদাপানির মধ্যেই বাসে ওঠা-নামা করতে হয়। বাধ্য হয়ে টার্মিনালের বাইরেও অনেক সময় গাড়ি পার্কিং করা হচ্ছে। অনেক সময় মহাসড়কের পাশেও গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠা-নামা করতে হয়।
ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী সৌদিয়া পরিবহনের কর্মকর্তা মো. ইমাম হোসেন অভিযোগ বলেন, ২০০৯ সালে টার্মিনালের একাংশ সংস্কার করা হয়। সিটি করপোরেশনের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের উদ্যোগে ওই সংস্কারকাজ হয়। এরপর আর কোনো সংস্কারকাজ হয়নি। তিনি বলেন, শুধু সংস্কারের অভাবে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ ছাড়া জায়গাসংকটের কারণেও অনেক সময় গাড়ি ময়লা-কাদার মধ্যে পার্কিং করতে হয়।