সংস্কার না হওয়ায় ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ নয় বছরেও সংস্কার করা হয়নি কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাজিমুড়া-মুন্সীরহাট পাকা সড়কটি। এতে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার ১৫ গ্রামের মানুষকে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি, লক্ষ্মীপুর, মিজিয়াপাড়া, পলকোট, আঙ্গারিয়া এবং উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড়, রামারবাগ, মামিশ্বর, আতাকরা, মনপাল, রামপুর, দিগধাইর, নাড়িদিয়া ও বরইমুড়ি গ্রামের মানুষকে নিয়মিত যাতায়াত করতে হয়।গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোবারক হোসেন অভিযোগ করেন, সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) লাকসাম কার্যালয়ে একাধিকবার আবেদন করা হলেও কোনো কাজ হয়নি।গোবিন্দপুর ইউপির চেয়ারম্যান মোবারক হোসেন ভূঁইয়া জানান, ২০০১ সালে এলজিইডি ওই সড়কের এক কিলোমিটার পাকা করে। তিন বছর পর সড়ক সংস্কার করার নিয়ম থাকলেও আজ পর্যন্ত তা করা হয়নি। সরেজমিনে দেখা গেছে, সংস্কার না করায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং অনেক জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। গোবিন্দপুর ইউনিয়নের লক্ষ্মীপুরের কৃষক হাসান আহম্মদ, বেতিহাটি গ্রামের কৃষক শহিদ উল্লাহ বলেন, এলাকার ১৫টি গ্রামের মানুষ এই সড়কে নিয়মিত যাতায়াত করেন। এলাকার কৃষকের হাট-বাজারে পণ্য পরিবহনের জন্য এটিই একমাত্র সড়ক। কিন্তু সড়কের দুরবস্থার কারণে ভ্যানগাড়ি ও রিকশাচালকেরাও যেতে আগ্রহী হন না।উত্তরদা ইউপির চেয়ারম্যান গোলাম রাব্বানী মজুমদার বলেন, ‘এই ইউনিয়নের নয়টি গ্রামের মানুষের জন্য লাকসাম উপজেলা পরিষদ ও হাট-বাজারে যাতায়াতের এটিই একমাত্র সড়ক। বর্ষাকালে ওই সড়কে যাতায়াতে দুর্ভোগের সীমা থাকে না।’লাকসাম উপজেলা প্রকৌশলী দেলওয়ার হোসেন জানান, সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু হবে।