সংস্কার না হলে ভোগাবে ১২ কিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আর কদিন পরেই বাড়ির উদ্দেশে ছুটবে মানুষ। কিন্তু  ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বেহাল অবস্থা। কোথাও রাস্তা ভাঙা, কোথাও জলাবদ্ধতা। সারাক্ষণ লেগে থাকে যানজট। ছবি: সাজিদ হোসেন
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আর কদিন পরেই বাড়ির উদ্দেশে ছুটবে মানুষ। কিন্তু ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বেহাল অবস্থা। কোথাও রাস্তা ভাঙা, কোথাও জলাবদ্ধতা। সারাক্ষণ লেগে থাকে যানজট। ছবি: সাজিদ হোসেন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অংশের দূরত্ব ১২ কিলোমিটার। রয়েছে অসংখ্য খানাখন্দ। বৃষ্টি হলেই জমে হাঁটুপানি। এ ছাড়া বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের কারণে বিভিন্ন স্থানে সড়কের ওপর জমে আছে নোংরা তরল। যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারে না। ফলে সারাক্ষণ যানজট লেগেই থাকে। দুর্ভোগ পোহাতে হয় বাসচালক ও যাত্রীদের।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত বেশ কয়েকটি স্থানে ভাঙা ও খানাখন্দ আছে। এর মধ্যে কিছু সংস্কার করা হয়েছে। সংস্কারকাজ নিম্নমানের হওয়ায় বৃষ্টি হলেই কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হবে। সড়ক বিভাজকে ৩০টি ইউটার্ন থেকে কমপক্ষে ১০টি কমাতে হবে। এসব পদক্ষেপ না নিলে ঈদযাত্রায় দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।

ঢাকা থেকে উত্তরার আবদুল্লাহপুর পার হলেই টঙ্গী। এখান থেকে শুরু ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। গত মঙ্গলবার দুপুরে দেখা গেল, টঙ্গী বাজার বাসস্ট্যান্ডে পদচারী-সেতুর নিচে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে যাত্রীবাহী যানগুলো। যে যার মতো পথরোধ করে দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো করাচ্ছে। সেতুর পূর্ব পাশে সড়কের ওপর ফেলে রাখা হয়েছে সিটি করপোরেশনের আবর্জনা। এ কারণেও যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। সেখান থেকে কিছু দূর গেলেই আনারকলি রোড। রয়েছে খানাখন্দ। জমে আছে বৃষ্টির পানি। একই অবস্থা টঙ্গী ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে। সেখানে রাস্তার পশ্চিম পাশে সড়কের ওপর ট্রাকস্ট্যান্ড করা হয়েছে। টঙ্গী স্টেশন রোডেও কয়েকটি স্থানে ভাঙাচোরা।

স্টেশন রোড এলাকায় কথা হয় বলাকা পরিবহনের বাসের চালক নাজমুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ঈদ এলেই রাস্তার কাজের তড়িঘড়ি দেখা যায়। কাজগুলো আগে থেকে করলে ঈদের সময় সমস্যা হয় না। ভিআইপি পরিবহনের বাসের চালক শহিদুল ইসলাম বলেন, টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত রাস্তার বড় সমস্যা হলো বৃষ্টি হলেই সড়কের বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে যায়। যানবাহন বিকল হয়ে পড়ে। সৃষ্টি হয় যানজটের। যাত্রী আলতাফ হোসেনের ভাষ্য, যানজট যেন এই সড়কের যাত্রীদের নিয়মিত সঙ্গী।

মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টঙ্গীর স্টেশন রোড থেকে চেরাগ আলী পর্যন্ত সড়ক ভালো থাকলেও চেরাগ আলী স্টেশন রোড এলাকায় রয়েছে খানাখন্দ। সেখানে সব সময় যানবাহনের জটলা লেগে আছে। এরপর বড়বাড়ি এলাকায়ও রাস্তা বেহাল। সেখানে বৃষ্টি হলেই পানি জমে যানজটের সৃষ্টি হয়। কুনিয়া বড়বাড়ি ও বোর্ডবাজার এলাকায় সড়কের দুপাশেই পানি জমে আছে। একই চিত্র দেখে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে, তায়েরুননেছা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনের সড়কে। পশ্চিম পাশে রাস্তা সংস্কারের কাজ চলছে। সড়ক সংস্কারকাজের কর্মী সুলতান মিয়া বলেন, তাঁদের কাজ হচ্ছে রাস্তার মধ্যে থাকা ছোট গর্তগুলো মেরামত করা। তবে বৃষ্টি হলে আবারও গর্ত হওয়ার আশঙ্কা আছে।

স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেন, সাইনবোর্ড এলাকা, মালেকের বাড়ি, ছয়দানা থেকে ভোগরা পর্যন্ত মহাসড়কের দুই পাশে চলছে বিআরটি প্রকল্পের কাজের খোঁড়াখুঁড়ি। রাস্তার ওপর জমে আছে হাঁটুপানি। রাস্তার বেশির ভাগ অংশে পানি জমে থাকায় যানবাহনগুলো এক লেনে ধীরগতিতে চলাচল করে। ফলে যানজট লেগেই থাকে। সাইনবোর্ড এলাকার খন্দকার নাছির বলেন, গত কয়েক দিন ধরে বৃষ্টি নেই, তারপরও চান্দনা চৌরাস্তা থেকে ভোগরা পর্যন্ত এবং ভোগরা থেকে টঙ্গী পর্যন্ত বিভিন্ন স্থানে কলকারখানার পানি জমে আছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগরা এলাকায় স্কাইলাইন পরিবহনের বাসের চালকের সহকারী কবির হোসেন বলেন, সড়কে পানি না জমলে যানজট হতো না। বৃষ্টির পানি জমলে ১২ কিলোমিটার পথ যেতে সময় লাগে তিন-চার ঘণ্টা।

গাজীপুরের নাওজোড় হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. অহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কের মূল সমস্যা হচ্ছে নালাব্যবস্থা না থাকা ও জলাবদ্ধতা।

গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এ কে এম নাহিন রেজা প্রথম আলোকে বলেন, মহাসড়কের সেসব স্থানে খানাখন্দ রয়েছে, সেগুলো মেরামতের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে আনারকলি সিনেমা হল, ফায়ার সার্ভিস এলাকাসহ বিভিন্ন স্থানে মেরামত করা হয়েছে। এখন থেকে ঈদ পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। ৮ জুনের মধ্যে সংস্কারকাজ শেষ করা হবে।