সংস্কার নেই, কিনব্রিজ দিয়ে যান চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরকে বিভক্ত করেছে সুরমা নদী। সুরমার উত্তর ও দক্ষিণপারের বাসিন্দাদের যোগসূত্র তৈরি করতে ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় একটি সেতু। এটি কিনব্রিজ হিসেবে পরিচিত। নগরে প্রবেশ করতে হলে নান্দনিক নকশায় নির্মিত এ সেতু পাড়ি দিয়েই প্রবেশ করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেতুটি যান চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রায় আধা কিলোমিটার দীর্ঘ কিনব্রিজের স্থানে স্থানে পিচ, বিটুমিন, বালু, পাথর ও ইটের খোয়া উঠে খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও কোথাও খানাখন্দ এতই বড় যে সেখানে মাঝেমধ্যে রিকশা ও অটোরিকশা পড়ে দুর্ঘটনা ঘটছে। পুরো সেতুটির চলাচলের রাস্তা ব্যবহারের অনেকটা অনুপযোগী হয়ে পড়ছে। তাই যানবাহন ধীরে ধীরে চলছে। এতে করে যানজটের সৃষ্টি হচ্ছে।
কিনব্রিজের পাশের ভার্তখলা এলাকার বাসিন্দা আনোয়ারুল কবীর বলেন, কিনব্রিজ সিলেটবাসীর ঐতিহ্যের অংশ। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ সেতুর দিকে কোনো সুদৃষ্টি নেই।
এলাকাবাসী অভিযোগ করেন, কয়েক বছর ধরে সংস্কারের অভাবে সেতুর পিচ ঢালাই উঠে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ ছাড়া সেতুর ওপর স্থাপিত সড়কবাতিগুলো অকেজো হয়ে পড়ায় সন্ধ্যার পর পুরো সেতু অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সেতু দিয়ে কেবল রিকশা, মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলের কথা থাকলেও সওজের নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি ও ছোট ট্রাক চলাচল করছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, কিনব্রিজ দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। ভারী যানবাহন চলাচল করলে ব্রিজের রাস্তা ঝুঁকির মুখে পড়বে। আর এটি সার্বক্ষণিক দেখভাল করার দায়িত্ব ট্রাফিক পুলিশের।
সিলেটের পুলিশের উপকমিশনার নূরে আলম বলেন, ‘সকাল সাতটা থেকে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করে। এর আগে সুযোগ বুঝে কিছু যানবাহন সেতু দিয়ে চলাচল করলে আমাদের পক্ষে কিছুই করার থাকে না। ট্রাফিক পুলিশ সওজের নির্দেশনা অনুযায়ী এ সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল করতে দেয় না।’ অটোরিকশাচালক আমজাদ হোসেন বলেন, ‘রাতের বেলা তো যায়ই। প্রায় সময় দিনের বেলায়ও কিনব্রিজ দিয়ে বড় গাড়ি চলাচল করতে দেখা যায়।’
রিকশাচালক কুদ্দুস মিয়া বলেন, ‘কিনব্রিজের রাস্তা ভাইঙা-চুইরা গেছে। ঠিক (মেরামত) না করায় রিকশা চালাইতে অসুবিধা হইতাছে।’
দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকার ব্যবসায়ী অমিত বণিক বলেন, ‘ব্যবসার কাজে প্রতিদিনই আমাকে কিনব্রিজ পাড়ি দিয়ে সিলেট শহরে যাতায়াত করতে হয়। তবে ব্রিজটির চলাচলের রাস্তায় পিচ ও বিটুমিন উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।’
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, ‘জরুরি সংস্কারকাজের অংশ হিসেবে ইতিমধ্যে ব্রিজটি সংস্কারের জন্য বিটুমিন কেনা হয়েছে। শিগগিরই খানাখন্দ ভরাট করতে কাজ শুরু হবে। তবে আগামী সপ্তাহ নাগাদ একটি প্রকল্প কাজের দরপত্র আহ্বান করা হবে। সে প্রকল্পের অংশ হিসেবে পুরো ব্রিজটির চলাচলের রাস্তায় নতুনভাবে কার্পেটিং করে পুনর্নির্মাণ করা হবে।’