সংস্কার নেই, যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মুহুরীগঞ্জ-করিহাটিবাজার সড়কের হাল এমনই। ছবিটি সড়কের কুমারঘরিয়া এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মুহুরীগঞ্জ-করিহাটিবাজার সড়কের হাল এমনই। ছবিটি সড়কের কুমারঘরিয়া এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

নোয়াখালীর সোনাইমুড়ীর মুহুরীগঞ্জবাজার-করিহাটিবাজার সড়কটি কয়েক বছর ধরে সংস্কার না করায় তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সোনাইমুড়ীর উপজেলার দেওটি ইউনিয়নের সাতটি গ্রামের মানুষ।
সড়কটির দৈর্ঘ্য তিন কিলোমিটার। এটি দেওটি ইউনিয়নের প্রধান সড়ক। সোনাইমুড়ীর পাশের উপজেলা চাটখিলের দক্ষিণ অংশে যাতায়াত করার জন্যও সড়কটি লোকজন ব্যবহার করে।
সম্প্রতি সরেজমিনে সড়কের মুহুরীগঞ্জবাজার থেকে কুমারঘরিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশ ঘুরে দেখা যায়, বেশির ভাগ অংশের কার্পেটিং উঠে গেছে। পুরো সড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের কিছু অংশ ধসে পাশের খালে পড়ে গেছে। এ অবস্থায় চরম ঝুঁকি নিয়ে চলছে রিকশা, অটোরিকশা, ইজিবাইক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন।
সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে সোনাইমুড়ী উপজেলার প্রকৌশলী আবু আল-মামুন প্রথম আলোকে বলেন, ‘রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সড়কটির মেরামতের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হতে পারে।’
কুমারঘরিয়া গ্রামের বাসিন্দা মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, কুমারঘরিয়া, বড়খিল, আমিরাবাদসহ সাতটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। ভাঙা সড়কের কারণে মানুষের ভোগান্তির শেষ নেই।
দেওটি ইউনিয়নের গণিপুর গ্রামের মো. ইলিয়াছ বলেন, এই সড়ক দিয়ে চাটখিল উপজেলার করিহাটিবাজার পর্যন্ত যাওয়া যায়। সোনাইমুড়ী থেকে কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল বাজারে আনা-নেওয়ার ক্ষেত্রে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
অটোরিকশার চালক জসিম উদ্দিন বলেন, এই সড়কে চলাচল করা ঝুঁকিপূর্ণ। ভাঙা রাস্তার কারণে প্রায়ই গাড়িতে নানা সমস্যা দেখা দেয়। দেওটি ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোতাহার হোসেন বলেন, সড়কটির অবস্থা এতটাই খারাপ যে যানবাহন দূরের কথা, হাঁটাও দায়।