সংস্কার নেই রংপুর বাস টার্মিনালে, যাত্রীদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা থেকে এক কোটি ১৫ লাখ টাকার বেশি রাজস্ব আদায় করেছে রংপুর পৌরসভা। কিন্তু এ সময়ে টার্মিনালে কোনো সংস্কার বা উন্নয়নমূলক কাজ করা হয়নি। এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা।সরকারি নিয়ম অনুযায়ী, আয়ের ৪৫ শতাংশ টাকা অবকাঠামো ও উন্নয়নমূলক কাজে ব্যয় করার কথা। কিন্তু রংপুর বাস টার্মিনালের ক্ষেত্রে এ নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন মোটর মালিক সমিতির নেতারা।ঢাকাসহ দূরপাল্লার সব বাস এই টার্মিনাল থেকে চলাচল করে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রধান সড়ক থেকে টার্মিনালটি কিছুটা নিচু। বৃষ্টি হলে সেখানে পানি জমে যায়। টার্মিনালের ভবনে যাত্রীদের বসার চেয়ারগুলো নষ্ট হয়ে পড়ে রয়েছে। অনেক স্থানে ভবনের পলেস্তারা খসে পড়েছে। শৌচাগারগুলো নোংরা ও দুর্গন্ধময়। পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। ১৯৮৬ সালে এটি পৌরসভার অধীনে নেওয়া হয়। তখন থেকেই পৌরসভা টার্মিনালটি ইজারা দিয়ে আসছে। ২৫ বছরে ইজারা থেকে এক কোটি ১৫ লাখ টাকার বেশি রাজস্ব আদায় করেছে পৌরসভা। পৌরসভার নীতিমালা অনুযায়ী, টার্মিনালের ইজারা থেকে আয়ের ৪৫ শতাংশ টাকা সেখানকার অবকাঠামো ও উন্নয়ন খাতে ব্যয় করতে হবে। মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের অভিযোগ, ২৫ বছরেও পৌর কর্তৃপক্ষ টার্মিনালে কোনো সংস্কার বা উন্নয়নমূলক কাজ করেনি। জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, বর্তমানে প্রতিদিন এ টার্মিনাল থেকে আড়াই শ বাসে কয়েক হাজার যাত্রী যাতায়ত করে। টার্মিনাল প্রতিষ্ঠার পর একবারও পৌর কর্তৃপক্ষ বাস টার্মিনালে কোনো উন্নয়নমূলক কাজ করেনি। এর ফলে যাত্রী ও শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।দূরপাল্লার একটি বাস থেকে নামার পর কথা হয় কারমাইকেল কলেজের শিক্ষার্থী মুরাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, এ টার্মিনালের পরিবেশ অত্যন্ত নোংরা। বিশেষ করে শৌচাগারের অবস্থা খুবই খারাপ। টার্মিনালে অবস্থানরত কারমাইকেল কলেজের শিক্ষক সোলেমান মিয়া বলেন, টার্মিনালের বিশ্রামের জায়গায় বসার জন্য কোনো চেয়ার নেই। এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, উন্নয়ন করা না হলেও সেখানে তেমন কোনো সমস্যা হচ্ছে না। পৌরসভার চেয়ারম্যান এ কে এম আবদুর রউফ প্রথম আলোকে বলেন, টার্মিনালের উন্নয়ন না হলেও এই টাকা পৌরসভার অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়েছে।