সংস্কার নেই হুমকিতে খুলনা শহর রক্ষা বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা শহর রক্ষা বাঁধের এই অংশে ব্লক নেই বললেই চলে। ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে দোকানপাট। গতকাল সকালে বড়বাজারের কাচারীঘাট থেকে ছবিটি তুলেছেন সাদ্দাম হোসেন
খুলনা শহর রক্ষা বাঁধের এই অংশে ব্লক নেই বললেই চলে। ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে দোকানপাট। গতকাল সকালে বড়বাজারের কাচারীঘাট থেকে ছবিটি তুলেছেন সাদ্দাম হোসেন

১৫ বছর আগে নির্মিত খুলনা শহর রক্ষা বাঁধটি অস্তিত্ব-সংকটে পড়েছে। সংস্কারের অভাবে বাঁধের অনেক অংশের ব্লক সরে গেছে, কোথাও দেবে গেছে, আবার কোথাও বা বিলীন হয়েছে নদীগর্ভে। যেকোনো সময় বাঁধে ধস নেমে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন নগরবাসী।
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা জজ, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের (ডিআইজি) বাসভবনসংলগ্ন এলাকাও নদীভাঙনের হুমকির মুখে পড়েছে।
১৯৯২-৯৩ অর্থবছরে এশিয়া উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় ‘সেকেন্ডারি টাউন ইন্টিগ্রেটেড ফ্লাড প্রোটেকশন’ প্রকল্পের আওতায় খুলনা শহর রক্ষা বাঁধের নির্মাণকাজ শুরু হয়ে ২০০০ সালে শেষ হয়। তখন ভাঙনকবলিত জেলখানা ঘাট, বড় বাজার, বিআইডব্লিউটিএ ঘাট, রুজভেল্ট জেটি ও দৌলতপুর বিএল কলেজ এলাকায় ২ হাজার ৩৬০ মিটার নদীর তীর রক্ষার কাজ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে পানি উন্নয়ন বোর্ড খুলনা-২। ব্যয় হয় ৪৫ কোটি টাকা।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল ঘাট, বড় বাজার কালীবাড়ী, ডেল্টাঘাটসহ বিভিন্ন স্থানে ব্লক ধসে নদীগর্ভে চলে গেছে। রুজভেল্ট জেটি এলাকায় অসংখ্য ব্লক দেবে গেছে, কিছু অংশে ফাটলও ধরেছে। অনেক স্থানে বাঁধের অস্তিত্বই নেই। বাঁধের ওপর অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান। ব্লক সরিয়ে ছিদ্র করে দোকানঘর তৈরি করা হয়েছে।
কালীবাড়ী এলাকার বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, নির্মাণের পর বাঁধটির আর সংস্কার হয়নি। কয়েকটি স্থানে ব্লক ছাড়া কিছুই নেই। অধিকাংশ স্থানে বাঁধ দখল হয়ে গেছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বলেন, বাঁধটি মারাত্মক হুমকির মুখে। পানি উন্নয়ন বোর্ডের যথাযথ ভূমিকা গ্রহণের অভাবে এটি দখল হয়ে যাচ্ছে। খুলনা শহরকে বাঁচিয়ে রাখতে বাঁধটি রক্ষার বিকল্প নেই।
যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ড খুলনা-২ (রক্ষণাবেক্ষণ ও পরিচালনা) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পীযূষ কৃষ্ণ কুণ্ডু বলেন, কিছু জায়গায় খারাপ হলেও বাঁধের অবস্থা এখনো ভালো আছে। তবে খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসভবনসংলগ্ন এলাকায় ৫২৫ মিটার জায়গায় নদীর তীর সংরক্ষণের জন্য বোর্ডের কাছে কারিগরি কমিটি করার জন্য কাগজপত্র পাঠানো হয়েছে। রুজভেল্ট জেটি এলাকার জন্যও একই কমিটি করার জন্য কাগজপত্র পাঠানো হয়েছে। দখলের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, অনেক দিন ধরে এগুলো দখল হয়ে আছে। ইচ্ছা করলেই এগুলো ভেঙে ফেলা সম্ভব না।