উত্তরার ১২ নম্বর সেক্টরে রাস্তা ফুঁড়ে গ্যাস নির্গমন
সংস্কার শুরু তিতাসের সন্তুষ্ট নন বাসিন্দারা
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে সরবরাহ লাইনের ফাটাফুটো সারানোর কাজ শুরু করেছে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি। তবে সাময়িক এই সংস্কারকাজে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। তাঁরা চান স্থায়ী সমাধান। তিতাস গ্যাসের জরুরি নিয়ন্ত্রণ বিভাগও বলছে, সাময়িক মেরামতে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না।
১২ নম্বর সেক্টরে পাইপের ফাটাফুটো দিয়ে গ্যাস রাস্তা, রাস্তার পাশ ও নালা ফুঁড়ে বের হওয়া, এ কারণে দুর্ঘটনা ও বাসিন্দাদের আতঙ্ক নিয়ে গতকাল সোমবার প্রথম আলোতে খবর প্রকাশিত হয়। গতকালই ওই এলাকার ১২ নম্বর রাস্তায় সরবরাহ লাইনের তিনটি স্থানে মেরামতের কাজ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর মধ্যে বিদ্যুতের ট্রান্সফরমারের নিচের একটি স্থানের কাজ সম্পন্ন হয়েছে। তবে ওই এলাকার ৪০টিরও বেশি ফুটো দিয়ে এখনো গ্যাস বের হচ্ছে।
গত রোববার রাতে ১৩ নম্বর রাস্তার ব্রাইট ফিউচার সেকেন্ডারি স্কুলের সামনের রাস্তা ফুঁড়ে বের হওয়া গ্যাস থেকে আগুন ধরে যায়। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। পরে রাত একটার দিকে তিতাস গ্যাসের একটি দল এসে সেখানে মেরামতকাজ শুরু করে।
তিতাসের উপব্যবস্থাপক (জরুরি গ্যাস নিয়ন্ত্রণ) হারুনুর রশীদ বলেন, তাঁরা সরবরাহ লাইনের ফুটো বন্ধ করার কাজ শুরু করেছেন। সব ফুটো বন্ধ না হওয়া পর্যন্ত কাজ চলবে। তিনি বলেন, এতে সাময়িক সমাধান হলেও স্থায়ী সমাধান হবে না। স্থায়ী সমাধানের জন্য ওই এলাকার সরবরাহ লাইনের সব পাইপ পরিবর্তন করতে হবে।
পাইপ পরিবর্তন করা হবে কি না, জানতে চাইলে তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) ফখরুল ইসলাম বলেন, এটি সময়সাপেক্ষ ব্যাপার। আপাতত তাঁদের সে ধরনের কোনো পরিকল্পনা নেই।
উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রব বলেন, তিতাস গ্যাস যে ধরনের সংস্কারকাজ শুরু করেছে, তা যথেষ্ট নয়। আগেও তাঁরা ১২ নম্বর রোডের একটি জায়গায় এমন সংস্কার করেছিল, কিন্তু সেই স্থান দিয়ে এখন আবার গ্যাস বের হচ্ছে।