সংস্কার শেষ না হতেই ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজ শেষ হওয়ার আগেই নীলফামারী–ডোমার সড়কের বিভিন্ন অংশে ধস ও ফাটল দেখা দিয়েছে৷ ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
কাজ শেষ হওয়ার আগেই নীলফামারী–ডোমার সড়কের বিভিন্ন অংশে ধস ও ফাটল দেখা দিয়েছে৷ ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

নীলফামারী-ডোমার আঞ্চলিক সড়কের সম্প্রসারণকাজ শেষ না হতেই এর বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে৷ এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কাজে অনিয়ম করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে৷
গত বৃহস্পতিবার ওই সড়কে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে সড়কের পাশে ফাটল দেখা দিয়েছে৷ কোথাও কোথাও সড়ক দেবে গেছে। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, সড়কটি সংস্কারে বৃহদাকার রক্ষণাবেক্ষণ প্রকল্পের (পিএমপি) আওতায় ২০১২ সালে দরপত্র আহ্বান করে সওজ৷ পার্বতীপুর থেকে ফুলবাড়ী, নীলফামারী থেকে ডোমার ও ডোমার-দেবীগঞ্জ মোট ২৮ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২৬ কোটি ছয় লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয়৷ ওই বছরের ৯ অক্টোবর কার্যাদেশ পায় ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড৷ নীলফামারী-ডোমার ১৭ কিলোমিটার অংশের ১২ ফুট চওড়া রাস্তাটিকে সম্প্রসারণ করে ১৮ ফুট করতে একই বছরের নভেম্বরের শেষ দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শুরু করে৷ মাস খানেক আগে তারা সড়ক সংস্কারের কাজ শেষ করে৷ এখন সড়কে সেতু-কালভার্ট সংস্কারের কাজ চলছে৷
ডোমার বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ঠিকাদারের লোকজন সম্প্রসারণের জন্য সড়কের দুই পাশে গর্ত করে বালু-খোয়া ফেলেছিল৷ কিন্তু বালু-খোয়ায় পানি দিয়ে যে পরিমাণ রোলার করার কথা, সেটি করেনি। ফলে সম্প্রসারণ করা অংশ দেবে গিয়ে সড়কের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে। আবার অনেক স্থানে জমে থাকা বৃষ্টির পানি সরে যাওয়ার সময় সড়কের পাশে গর্তের সৃষ্টি হচ্ছে৷ এতে সড়ক দেবে ভেঙে যাচ্ছে। এটা অব্যাহত থাকলে সড়কটি বেশি দিন টিকবে না।
স্থানীয় বাসিন্দা রশিদুল ইসলাম (৪৫) বলেন, ‘এই রাস্তাটি আমাদের ব্যাপক আন্দোলনের ফসল৷ অথচ এখানে একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে৷ নিয়ম মেনে কাজ করা হয়নি৷ কাজ চলাকালীন আমরা এর প্রতিবাদও করেছি৷ কিন্তু চাঁদাবাজ বলে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে৷’
ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী ইউসুফ ইফতার বলেন, ‘রাস্তার দুই ধারের মাটি ভরাট করা দরকার ছিল৷ কিন্তু মাটি ভরাটের কোনো আইটেম আমাদের কাজে ধরা নেই। রাস্তার পাশে যেখানে পুকুর আছে, সেখানে আমরা ড্রামিশট ব্যবহার করে জোগান দিয়েছি। এগুলো আমাদের নিজের উদ্যোগে করেছি। এর পরও যেসব জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো আমরা ঠিক করে দেব।’
নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিকী বলেন, ‘কাজটি এখন শেষ পর্যায়ে। আমি ১০ চাকার মালবোঝাই ট্রাক চালিয়ে রাস্তাটি পরীক্ষা করেছি। কোনো ত্রুটি পাওয়া যায়নি৷ তবে কিছু জায়গায় বৃষ্টির পানি ধুয়ে যাওয়ার কারণে একটু-আধটু ভেঙেছে। এ রকম ত্রুটি কাজ শেষ হলে ঠিকাদারের লোকজন সংস্কার করে দেবেন।’ তিনি আরও বলেন, ‘রাস্তা দেবে যাওয়ার বিষয়টি আমার জানা নেই৷ এখন আমি নিজে গিয়ে দেখব৷’