সংস্কার শেষ হতে না হতেই ফাটল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড় থেকে বিমান কার্যালয় মোড় পর্যন্ত সড়কের সংস্কারকাজ শেষ হতে না হতেই দেখা দিয়েছে ফাটল। ঠিকাদার কাজ শেষ করলেও সড়কটি এখনো বুঝিয়ে দেয়নি। অভিযোগ রয়েছে, যথাযথভাবে সংস্কার না হওয়ায় এই অবস্থা হয়েছে।কাজের তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন কাজ যথাযথভাবে না হওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দরপত্রের নির্দেশনা অনুযায়ী সংস্কারকাজ করা হয়নি। বিষয়টি একাধিকবার লিখিত ও মৌখিকভাবে ঠিকাদার প্রতিষ্ঠানকে জানানো হয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। সওজ সূত্রে জানা গেছে, দড়াটানা মোড় থেকে বিমান অফিস মোড় পর্যন্ত সড়ক সংস্কারের প্রথম ভাগে রয়েছে দড়াটানা মোড় থেকে পশ্চিম দিকের ৮০ মিটার পর্যন্ত সড়কের দুই পাশ বর্ধিত ও গর্ত সংস্কার করে পিচের কার্পেটিং। দ্বিতীয় ভাগে ৮০ মিটারের পর থেকে বাকি অংশে পিচের প্রলেপ দেওয়া। এ কাজের জন্য ২০ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। মেসার্স মহিদুল ইসলাম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে যশোর শহরের জিয়াউদ্দিন কাজটি করছেন। দরপত্রের নির্দেশনায় বলা আছে, শুরুর দিন থেকে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। গত ২১ এপ্রিল সড়কের সংস্কারকাজ শুরু করা হয়। সে হিসেবে ৫ জুন কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদার এখনো সংশ্লিষ্ট বিভাগকে কাজটি বুঝিয়ে দেয়নি। এ ব্যাপারে কাজের তত্ত্বাবধানকারী জিয়াউদ্দিনের ভাই সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ওই সড়কের (গরীব শাহ্ সড়ক) ভিত নষ্ট হয়ে গেছে। আট থেকে ১০ কোটি টাকা খরচ করে অন্তত পাঁচ ফুট খুঁড়ে সড়কটি পুনর্নির্মাণ করতে হবে। নয়তো বারবার এ অবস্থার সৃষ্টি হবে। তা ছাড়া সড়কটি ১০ টনের রোলার দিয়ে সংস্কার করা হয়েছে। সেখানে চলাচল করছে ৩০ থেকে ৪০ টন ওজনের যানবাহন। এ জন্য সড়ক দেবে যাচ্ছে। এ ব্যাপারে সওজের উপবিভাগীয় প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, একবারে বেশি টাকার কাজের প্রস্তাব পাঠালে অনুমোদন পাওয়া যায় না। মানুষের চলাচলের দুভোর্গের কথা বিবেচনা করে স্বল্প বাজেটের মধ্যে হলেও উন্নয়ন কাজ করানোর চেষ্টা করা হয়।