সংস্কার শেষ হতেই ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি স্থান ভেঙে গেছে। সংস্কার করার এক মাসের মাথায় আবার বাঁধ ভেঙে যাওয়ায় এলাকাবাসী চিন্তিত হয়ে পড়েছে। কারণ, এখন ওই ভাঙা অংশ দিয়ে জোয়ারের সময় পানি ঢুকে ফসল, বসতঘর, বাড়ি, হাটবাজার প্লাবিত হচ্ছে। একই সঙ্গে এ কারণে কমপক্ষে ৩৫টি পরিবার ঘর হারিয়ে বাঁধে আশ্রয় নিয়েছে। সংস্কারকাজে অনিয়ম হওয়ায় বাঁধ ভেঙে গেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলাপাড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আইলায় লালুয়ার ৪৭/৫ বন্যানিয়ন্ত্রণ বাঁধের নাওয়াপাড়া, মুন্সিপাড়া, নয়াকাটা, চৌধুরীপাড়া, চাড়িপাড়া, মধুপাড়া, চরপাড়া, বুড়োজালিয়া ও চর চান্দুপাড়া এলাকা বিধ্বস্ত হয়। বাঁধের এসব ক্ষতিগ্রস্ত এলাকার তিন কিলোমিটারে গত বছরের নভেম্বর মাসে জরুরিভাবে সংস্কার করার কাজ শুরু হয়। এ জন্য পাউবো থেকে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সাতজন ইউপি সদস্যকে দিয়ে প্রকল্প করে সংস্কারকাজ বাস্তবায়ন করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে এ কাজ শেষ হয়। কিন্তু মে মাসেই বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের লালুয়া ইউনিয়নের বুড়োজালিয়া, চর চান্দুপাড়া, চাড়িপাড়া, চৌধুরীপাড়া, নাওয়াপাড়া এলাকায় যে সংস্কার করা হয়েছে এখন তার কোনো চিহ্নও বলতে গেলে নেই। রামনাবাদ নদীর জোয়ারের পানির চাপে এসব এলাকার বাঁধ ভেঙে গেছে। বুড়োজালিয়া এলাকায় বাঁধের কমপক্ষে ৩০০ ফুট অংশ এবং চাড়িপাড়া এলাকায় কিছু অংশ ভেঙে গেছে। গ্রামগুলো ঘুরে দেখা যায়, ভাঙা অংশ দিয়ে রামনাবাদ নদীর জোয়ারের পানি ঢুকে ৩০০ একর জমির ফসল তলিয়ে যাচ্ছে। রামনাবাদ নদীর লবণ পানির প্রভাবে আমন ধানের খেতগুলো হলুদ ও লালচে বর্ণের হয়ে গেছে। অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে ওই গ্রামগুলোর চলাচলের রাস্তা, বাড়িঘর, পুকুর, সব তলিয়ে যায়। বাঁধ ভেঙে যাওয়ায় সবচেয়ে কষ্টে আছে বুড়োজালিয়া ও কুড়িকানি গ্রামের বাসিন্দারা। ওই দুটি গ্রাম লাগোয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এসব ভাঙা অংশ দিয়ে রামনাবাদ নদীর পানি প্রবেশ করার কারণে ওই দুই গ্রামের বাসিন্দারা বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। এ বাঁধে অন্তত ৩৫টি পরিবার খুপরি ঘর তুলে বসবাস করছে। কুড়িকানি গ্রামের মহসিন দালাল বলেন, ‘যহন নতুন কইর‌্যা এই বান্দের ভাংগন বান্দা শুরু করে, তহন ভাংগন থেইক্যা ৫০০ ফুট দূরে সরাইয়া বান্দ দেওয়ার কথা কইছি। গ্রামের মাইনসে বান্দের লাইগ্যা জমি দেওয়ার কতাও কইছে। মেম্বার-চেয়ারম্যান মোগো কতা হোনে নাই। হ্যারা য্যা ভালো মোনে করছে, হেইয়া করছে।’ কুড়িকানি গ্রামের মাহবুব হাওলাদার বলেন, ‘এসব গ্রামের মাইনসের জীবন বাঁচাইতে অইলে ভালো কইর‌্যা বান দেওন লাগবে। নাইলে জমিতে কোনো ফসল অইবে না। মানুষজন না খাইয়া মরবে।’লালুয়া ইউপির চেয়ারম্যান ও বাঁধ সংস্কারকাজের প্র্রকল্পের সভাপতি মো. রেজাউল করিম বিশ্বাস বলেন, ‘বাঁধের কাজ করতে গিয়ে স্থানীয় লোকজনের জমি নষ্ট হয়েছে। জমির মালিকদের কিছু টাকা-পয়সা দিতে হয়েছে। এ জন্য কিছুটা সমস্যা হয়েছে। তা ছাড়া বর্ষা মৌসুমের মধ্যে কাজটা পড়ে যাওয়ায়ও কাজের ক্ষতি হয়েছে।’কলাপাড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘আমার এখানে যোগদানের আগে ওই প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে। তবে কাজে উনিশ-বিশ হতে পারে।’ কলাপাড়া উপবিভাগীয় প্রকৌশলী আবদুল ওয়াদুদ আরও জানান, বর্ষা মৌসুমে জানমাল রক্ষায় লালুয়া ইউনিয়নের চাড়িপাড়াসহ অন্যান্য অংশে ৬০০ মিটার বাঁধ আবার করে দেওয়া হচ্ছে। তবে ওই এলাকায় বিশ্ব ব্যাংকের জরুরি পুনর্বাসন ও পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে বড় আকারে টেকসই বাঁধ দেওয়ার পরিকল্পনা রয়েছে।