সংস্কার শেষেই সড়কে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারকাজ শেষ হওয়ার দুই মাসের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ার উপজেলা গেট-কালীমন্দির সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। তাদের অভিযোগ, সংস্কারকাজে অনিয়ম হওয়ায় সড়কের এই হাল হয়েছে।
সাতকানিয়া নাগরিক কমিটির সভাপতি মো. ইদ্রিচ মিয়া অভিযোগ করেন, নিম্নমানের পাথর ও বিটুমিন দিয়ে সড়কের সংস্কারকাজ করা হয়েছে। তাই সংস্কারের দুই মাসের মধ্যেই কার্পেটিং উঠে গিয়ে সড়কের অবস্থা বেহাল হয়েছে।
এই সড়কের পাশে সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়, উপজেলা গণগ্রন্থাগার, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের কানুপুকুরের পশ্চিম পাড়, সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের সামনের অংশের কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। রিকশাচালক মো. ফরিদুল আলম বলেন, ‘দুই নম্বর কাজ হওয়ায় রাস্তার এই অবস্থা।’
সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার হোসাইন বলে, গাড়ি চলার সময় গর্তের কাদা-পানি ছিটকে জামাকাপড় নোংরা হয়।
সাতকানিয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশ প্রথম আলোকে বলেন, ৬০০ মিটার দীর্ঘ এই সড়কের সংস্কারকাজ দরপত্র মোতাবেক হয়েছে। তবে বৃষ্টি ও বন্যার কারণে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সংস্কার না টেকায় নতুন করে কাজ করে দিতে ঠিকাদারকে বলা হয়েছে।
সড়কের সংস্কারকাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রফিক এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির কর্ণধার মো. রফিক বলেন, ‘সংস্কারকাজ তো ভালোই করেছিলাম। কিন্তু ভারী বৃষ্টি ও বন্যায় সড়কটির কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছে।’