সংস্কার হচ্ছে, দখলও হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান লেকের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এর নিকেতন অংশে লেক খনন ও আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলছে, একে একে বনানী, মহাখালী ও বারিধারা লেকের উন্নয়ন ও গভীরতা বৃদ্ধির কাজ করবেন তাঁরা। তবে অভিযোগ, উন্নয়নের পাশাপাশি এ লেকের কিছু অংশ দখলও হয়ে যাচ্ছে।
গুলশান লেকের দুটি অংশ। একটি গুলশান-বনানী এলাকা ও আরেকটি গুলশান-বারিধারা এলাকার মধ্য দিয়ে প্রবাহিত। রাজউকের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় গুলশান-১ থেকে গুলশান-২ পর্যন্ত গুলশান লেকের পাঁচ কিলোমিটার এলাকা উন্নয়নকাজের আওতায় এসেছে।
গতকাল গিয়ে দেখা যায়, গুলশান লেকের নিকেতন সোসাইটি পার্ক-সংলগ্ন অংশে পানি শুকিয়ে ফেলে দুটি এক্সকাভেটর দিয়ে লেকের পচা মাটি ও আবর্জনা তুলে ফেলা হচ্ছে। লেকের ধার ঘেঁষে চওড়া নালা তৈরির কাজ হচ্ছে। এক পাশে সারি বেঁধে কয়েকটি ট্রাক রাখা। ট্রাকে করে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। পার্কের ফটকের উল্টো দিকে লেকের অন্য অংশেও পানি শুকিয়ে ফেলতে বাঁধ দেওয়ার কাজ চলছে। পানি সরে যাওয়ার পর এ অংশে খননকাজ শুরু হবে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার।
নিকেতন হাউজিং সোসাইটির বাসিন্দা তানভীর সাদিক বলেন, নিকেতন লেকের আবর্জনা ও দুর্গন্ধের কারণে সোসাইটিবাসী বেশ অস্বস্তি বোধ করতেন। তিনি বলেন, ‘লেক পরিষ্কার হলে সোসাইটির পরিবেশ আরও সুন্দর হবে।’
অভিযোগ, সম্প্রতি মহাখালী-গুলশান লিংক রোডের মধ্যবর্তী স্থানের ব্রিজের দক্ষিণ পাশে কে বা কারা প্রায় দুই একর জমি ভরাট করে ফেলেছে। গুলশানের ২৯ নম্বর সড়কের পশ্চিম প্রান্তে লেকের কিছু জায়গা ভরাট করেছে একটি চক্র। এ ছাড়া নিকেতনের পাশে গুলশান ১ নম্বর সড়কের পাশে লেকের পাড়সহ ভেতরেও কে বা কারা রাতারাতি মাটি ফেলেছে। অন্যান্য অংশেও নিয়মিত ময়লা-আবর্জনা ফেলার মতো ছোটখাটো ভরাটের ঘটনা ঘটছে।
এ ছাড়া মহাখালীর গাউসুল আজম মসজিদসংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে কয়েক বিঘা জায়গা ভরাট করা হয়েছে। সেখান থেকে এই বিশাল অংশের মাটি অপসারণ করাও অনেকটা ব্যয়বহুল।
সূত্র জানায়, ১৯৬৫ সালের পর থেকে এই লেক কখনো সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেয়নি ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) ও রাজউক। ফলে লেকের তলদেশে কেবলই বর্জ্য (স্লাজ) জমেছে। ঠিকাদারদের কাজ দেওয়ার সময় যা অনুমান করা হয়েছিল, লেকে তার চেয়ে চার গুণ বেশি ময়লা জমে আছে।
গুলশান লেক উন্নয়নের প্রকল্পটি রাজউকের। রাজউকের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমান প্রথম আলোকে বলেন, গুলশান লেকের গভীরতা বাড়াতে এর খননকাজ চলছে। ভাগে ভাগে লেকের বিভিন্ন অংশে তাঁরা কাজটি করছেন। তিনি বলেন, লেকের পানি পরিষ্কার রাখতে পয়োনিষ্কাশন লাইন সঙ্গে এর সংযোগ বন্ধ থাকবে। এ জন্য আলাদা করে নালা তৈরি হচ্ছে। এ ছাড়া লেক ঘিরে আলাদা হাঁটার পথ তৈরির পরিকল্পনা আছে তাঁদের।
আবদুর রহমান বলেন, ‘আমাদের কয়েকটি প্যাকেজে পরিকল্পনা আছে। ক্রমান্বয়ে মহাখালী ও বারিধারা লেকেও উন্নয়নকাজ শুরু হবে। বনানী লেকে কাজ শুরু হয়েছে। শুকনো মৌসুমকে কাজে লাগিয়ে কাজ শেষ করার চেষ্টা করছি।’