সংস্কার হচ্ছে না আউটার বাইপাস মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের কয়েকটি স্থাপনা নিয়ে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) দ্বন্দ্বের কারণে নগরের ব্যস্ততম আউটার বাইপাস (মুজগুন্নী) মহাসড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। খুলনা-যশোর মহাসড়কের নতুনরাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল হয়ে প্রায় আট কিলোমিটার দীর্ঘ গল্লামারী-খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মিশেছে আউটার বাইপাস সড়ক। কেসিসির দাবি অনুযায়ী কেডিএ নগরের সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল, রূপসা নতুন বাজার, কেডিএ নিউমার্কেট হস্তান্তর না করায় সিটি করপোরেশন সোনাডাঙ্গা আউটার বাইপাস মহাসড়কটি সংস্কার বন্ধ রেখেছে। গত অক্টোবরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক চিঠিতে খুলনা সিটি করপোরেশনকে জানানো হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী খুলনা আন্তজেলা বাস টার্মিনাল, রূপসা নতুন বাজার ও খুলনা নিউমার্কেট খুলনা সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সুযোগ নেই। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ২০০৯ সালে মন্ত্রণালয়ের অন্য এক চিঠিতে আন্তজেলা বাস টার্মিনাল ও নতুন বাজার স্থাপনা দুটি খুলনা সিটি করপোরেশনের কাছে হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও কেডিএ এসব স্থাপনা কেসিসির কাছে হস্তান্তরে টালবাহান করছে। কেডিএ সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে টোল আদায় করবে আর কেসিসি স্থাপনাসংলগ্ন সড়ক সংস্কার করবে, তা হবে না। কেসিসির রাজস্ব আয়ের কয়েকটি উৎস থেকে কেডিএ রাজস্ব আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কেডিএর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ১৯৯৩-৯৪ অর্থবছরে কেডিএ আউটার বাইপাস সড়ক নির্মাণের পর কেসিসিকে হস্তান্তর করেছে। এ প্রসঙ্গে মেয়র বলেন, কাগজ-কলমে সড়কটি এখনো কেডিএর। এর পরও জনগণের সুবিধার কথা বিবেচনা করে ইতিমধ্যে আউটার বাইপাস ধাপে ধাপে সংস্কার করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান বলেন, ‘আমি একজন সরকারি কর্মচারী। সরকারের নির্দেশ অনুযায়ী আমি কাজ করতে বাধ্য।’