সংস্কার হচ্ছে না সড়ক, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি পৌরসভার আবদুল খালেক সড়কে গাড়ি চলে হেলেদুলে l প্রথম আলো
ফটিকছড়ি পৌরসভার আবদুল খালেক সড়কে গাড়ি চলে হেলেদুলে l প্রথম আলো

ফটিকছড়ি পৌরসভার আবদুল খালেক সড়কটি নির্মাণ করা হয় ২০১০ সালে। কিন্তু দুই বছর পার হতেই সড়কে শুরু হয় ভাঙন। এরপর থেকে ভাঙন বেড়ে খানাখন্দে ভরে যায় সড়ক। গত চার বছর ধরে সড়কটি ভাঙলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ভোগান্তি সয়ে চলাচল করছে স্থানীয় লোকজন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, এক কিলোমিটারের সড়কটি নির্মাণে ব্যয় হয় প্রায় ১৭ লাখ টাকা। এরপর সড়ক সংস্কারে আর বরাদ্দ না হওয়ায় এতে কোনো কাজ করা সম্ভব হয়নি।
পৌর এলাকার ব্যবসায়ী মো. জাফর আলম জানান, এই সড়ক দিয়ে সদর উপজেলার সুন্দরপুর, পাঁচ পুকুরিয়া, ধুরুং, দৌলতপুর, নাজিরহাট ও দক্ষিণাঞ্চলের বহু লোকজন উপজেলা সদরে সহজে যাতায়াত করে। পৌরসভার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ায় সড়কটি নানা কারণে গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য উপজেলার বিভিন্ন বাজারে নিয়ে যান।
সরেজমিনে দেখা যায়, সড়কটি দিয়ে অটোরিকশা, রিকশা ও পিকআপ চলাচল করছে। সব গাড়িই চলছে হেলেদুলে। কারণ সড়কের বেশির ভাগ স্থানে পিচঢালাই নেই। কিছু স্থানে ইট-সুরকি উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। তা ছাড়া দুই পাশ ভেঙে যাওয়ায় সড়কের প্রস্থও সংকীর্ণ হয়ে গেছে। ফলে যেকোনো গাড়ি চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক এ কে এম গোলাম কিবরিয়া বলেন, সড়ক ভেঙে যাওয়ায় গাড়ির গতি নেই বললেই চলে। তার ওপর ঝাঁকুনি তো আছেই। এক কিলোমিটার পথ যেতে আধা ঘণ্টার বেশি সময় লাগছে।
এলাকার পল্লি চিকিৎসক মো. ইউসুফ বলেন, অসুস্থ কাউকে এই পথে হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা শোচনীয় হয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য ঝুঁকি বেশি।
স্থানীয় কৃষক আলমগীর হোসেন জানান, সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকার উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্য বিভিন্ন বাজারে নিতে গিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। ফলে তঁারা আর্থিকভাবে লোকসান গুনছেন।
এ ব্যাপারে জানতে চাইলে পৌরসভার প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ‘এক কিলোমিটারের সড়কটি মেরামতের জন্য প্রকল্প প্রাক্কলন তৈরি করা হয়েছে।’
পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন বলেন, ‘বিশাল এ পৌর এলাকায় বিভিন্ন সড়কে পাহাড়সম সমস্যা। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে পড়ছেন। তবে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির সমস্যা শিগগির সমাধান করা হবে।’