সংস্কার হচ্ছে সেই ডাকঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ৪ নম্বর সেক্টরের শাহজালাল অ্যাভিনিউয়ের দক্ষিণ পাশে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরের একাংশে গড়ে ওঠা আজমপুর শাখা ডাকঘরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
১৩ ডিসেম্বর ‘দেয়াল আছে দরজা নেই’ শিরোনামে এই ডাকঘর নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই সংশ্লিষ্ট ব্যক্তিরা ডাকঘরটি সংস্কার করার উদ্যোগ নেন।
আজমপুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার হাবিবা খানম প্রথম আলোকে বলেন, শাখা পোস্ট অফিস সাধারণত অনুদানের জায়গায়ই গড়ে ওঠে। কোনো নিজস্ব ভবন থাকে না, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেটি করে না দেন। পোস্ট অফিসটি প্রথমে ছিল গাজীপুর জেলার মুন্নু নগরে, কয়েক ধাপে জায়গা বদলের পর ২০১২ সালে স্কুল কর্তৃপক্ষ ও ডাক বিভাগের কর্মকর্তাদের সিদ্ধান্তে শাখাটি বর্তমান স্থানটিতে আনা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেয়ালের যে অংশে জানালা কেটে কাজ চালানো হচ্ছে, সেখানে নির্মাণ করা হবে ছাউনিসহ একটি সেবা বুথ। লোকজন সেখানে দাঁড়িয়ে কাজ করতে পারবেন। এ ছাড়া দাপ্তরিক জিনিসপত্র নিরাপদ রাখতে দেওয়া হচ্ছে স্টিলের আলমারি। আধুনিক টেবিল ও কয়েকটি চেয়ারের ব্যবস্থাও করা হচ্ছে। পোস্টমাস্টার জানান, পোস্ট অফিসের সামনে থেকে কয়েকটি চায়ের দোকান তুলে দেওয়া হয়েছে।
পোস্ট অফিসটি খোলা হয় সকাল নয়টায়। বন্ধ হয় বেলা একটায়। এখানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দাপ্তরিক চিঠিই বেশি জমা পড়ে। তবে ডাকটিকিটও বিক্রি হয়। বেশির ভাগ লোকজন চিঠি জমা দিতে আসেন। কিন্তু পোস্ট অফিসের সামনে মানুষের দাঁড়িয়ে কাজ করার কোনো সুযোগ ছিল না।
জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর বিভাগের পোস্ট অফিস পরিদর্শক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শাখা পোস্ট অফিসটির জন্য স্কুল কর্তৃপক্ষই জায়গাটি দেয়। নিয়ম অনুযায়ী শাখা পোস্ট অফিস যাঁরা করেন, তাঁরাই সব ধরনের ব্যবস্থা করে দেন। এ নিয়ে স্কুলের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। তিনি স্থানটি বড় করে দেওয়ার কথা বলেছেন।’