শসা চাষ করে মাদারগঞ্জ উপজেলার কামারিয়া ও মির্জাপুর গ্রামবাসী অভাব কমালেও যোগাযোগব্যবস্থা নিয়ে তাদের দুর্ভোগের শেষ নেই। এ বছর শসা বিক্রি করতে কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রাম দুটির সংযোগ সড়ক এমনিতেই কাঁচা। তার ওপর সড়কের দুই পাশ বন্যায় ভেঙে গেছে। জানা যায়, সড়কের অনেক জায়গায় বড় বড় গর্তের কারণে ট্রাক তো দূরের কথা দুই চাকার ঘোড়ার গাড়িও ঠিকমতো যেতে পারে না। গ্রাম দুটি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে মিতালি বাজার। আর এই মিতালি বাজার থেকেই শসা ট্রাকে ভরে ঢাকায় পাঠাতে হয়। কৃষকেরা জানান, এই ছয় কিলোমিটার রাস্তা ঘোড়ার গাড়িতে করে এনে ট্রাকে ভরতে হয়। তাই পরিবহন খরচ উৎপাদন খরচের চেয়ে বেশি হচ্ছে। সড়কগুলো সংস্কার করা হলে চাষিরা তাঁদের খেত থেকেই সরাসরি ট্রাকে শসা ভরতে পারবেন। তখন পরিবহন খরচও কম লাগবে। সরেজমিনে এক দিন: উপজেলা সদর থেকে পাকা, আধাপাকা ও কাঁচা রাস্তা মিলিয়ে প্রায় আট কিলোমিটার পথ পেরিয়ে কামারিয়া ও মির্জাপুর গ্রাম। গ্রামে ঢুকতেই চোখে পড়ে রাস্তার দুই পাশে সবুজ রঙের শসার অসংখ্য মাচা। উজ্জ্বল হলুদ রঙের ফুল আর থোকায় থোকায় সবুজ রঙের শসা দেখে মন জুড়িয়ে যায়। গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামবাসী সবাই শসার কাজ নিয়ে ব্যস্ত। এই দুটি গ্রাম থেকে প্রতিদিন ১০ থেকে ১২ ট্রাক করে শসা ঢাকায় পাঠানো হতো। এখন প্রায় শেষের দিকে, তবু প্রতিদিন দুই থেকে তিন ট্রাক পাঠানো হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজুরুল ইসলাম বলেন, এ উপজেলায় শসা চাষের যে বিপ্লব ঘটেছে, তা নজিরবিহীন। এর সুফল পেতে শুরু করেছে আশপাশের এলাকার জনগণ। তিনি বলেন, ‘এ সড়ক দুটি জরুরি ভিত্তিতে মেরামত করে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’ মাদারগঞ্জ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সৈয়দ তানভীর আহম্মেদ প্রথম আলোকে জানান, চলতি বছর কামারিয়া ও মির্জাপুর গ্রামেই ৬৫ হেক্টর জমিতে শসার চাষ হয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী উৎপাদিত শসার মূল্য দাঁড়াবে প্রায় দেড় কোটি টাকা। তিনি বলেন, উপজেলা সদর পর্যন্ত ওই দুটি গ্রামের রাস্তা থাকলে আগামী দিনে এই উৎপাদন আরও বাড়ানো সম্ভব।