সংস্কার হয়, দুঃখ ঘোচে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথের রশিদপুর-বিশ্বনাথ-লামাকাজী সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের দুই পাশে নালা না থাকায় এবং সংস্কারকাজ সঠিকভাবে না করায় সড়কটির পুরো অংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে উপজেলার কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তবে বেশি কষ্ট পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির (জাপা) যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী বলেন, ‘সড়কটির সংস্কারকাজ শেষ করার জন্য ইতিমধ্যে একটি প্রকল্প পাশ হয়েছে। বৃষ্টির কারণে কাজ শুরু করতে দেরি হচ্ছে। বৃষ্টি থামলেই সংস্কারকাজ শুরু হবে।’
সরেজমিনে দেখা গেছে, সড়কের দূর্গাপুর, নতুন বাজার, কাদিপুর, রামপাশা, ধলীপাড়া, প্রতাবপুর, সংপুর, সাঙ্গীরাই, নয়াবাজার ও লামাকাজী বাজারের কাছের অংশে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেট সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের প্রথম ৬ কিলোমিটার অংশে সংস্কারকাজ হয়। এর আগে ২০১৩ সালের মে মাসে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে পুরো সড়কের বর্ধিতকরণ ও সংস্কারকাজ হয়েছিল।
এলাকাবাসীর অভিযোগ, সওজের কর্মকর্তাদের উদাসীনতা ও নিম্নমানের কাজ হওয়ায় ২০১৩ সালে সংস্কারকাজ শেষ হওয়ার ১০ দিনের মধ্যে এবং এ বছর প্রথম পর্যায়ের সংস্কারকাজ শেষ হওয়ার এক মাসের মধ্যে সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়। এতে সরকারের টাকা অপচয় ছাড়া আর কোনো লাভই হয়নি। সওজ কর্তৃপক্ষ যথাযথ তদারকি না করায় সড়কটির অবস্থা ভালো হচ্ছে না। স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছেন।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম সংস্কারকাজ তদারকির সময় উদাসীন থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ বছরের মধ্যেই সড়কের সংস্কারকাজ শেষ করা হবে।’ তিনি দাবি করেন, আগে সংস্কারকাজে কোনো অনিয়ম হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, যানচলাচল স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসী ও সওজ কর্তৃপক্ষের উদ্যোগে একাধিকবার ইট, খোয়া ও বালু ফেলে সড়কের গর্তগুলো ভরাট করা হলেও বর্ষা মৌসুমের শুরুতেই তা বিলীন হয়ে যায়। ফলে বৃষ্টির পানিতে সড়কে আরও ব্যাপক হারে গর্তের সৃষ্টি হয়। এ কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এ ছাড়া প্রতিদিন সড়কটি দিয়ে সুনামগঞ্জের ছাতকে অবস্থিত দুটি সিমেন্ট কারখানার প্রায় ৪০টি পণ্যবাহী গাড়ি চলাচল করে। এতে সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে।
বিশ্বনাথ থেকে লামাকাজী যাওয়ার পথে সড়কের বাঁ পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে যান।
এ ছাড়া ওই সড়কের আশপাশে দুটি কলেজ, ১৪টি প্রাথমিক বিদ্যালয়, ছয়টি মাধ্যমিক বিদ্যালয়, দুইটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, দুইটি মাদ্রাসা, একাধিক কমিউনিটি ক্লিনিক, বেশ কয়েকটি মসজিদ এবং মৎস্য ও কৃষি খামার রয়েছে।
বিশ্বনাথ ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবদুল খালিক বলেন, ‘সড়কটির বেহাল দশার কারণে কলেজে যাতায়াতের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা আগে বাড়ি থেকে বের হতে হয়। দিতে হয় অতিরিক্ত ভাড়া। আর সব সময়ই থাকে দুর্ঘটনার আশংকা।’