>

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর-জুরানপুর-গোয়ালমারী সড়কটি পাঁচ বছর ধরে সংস্কার না করায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী ২০ থেকে ২৫ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এলাকাবাসী জানান, আট কিলোমিটার দীর্ঘ সড়কটি দিয়ে সুন্দলপুর, জুরানপুর ও বিটেশ্বর ইউনিয়নের ভাগলপুর, ষোলপাড়া, দশপাড়া, সাতপাড়া, জায়গীর, চণ্ডীপাশা, রাঙ্গাশিমুলিয়া, সুখীপুর, শিবপুর, গয়েশপুর, হামির্দি, বড়গোয়ালী, দড়িগোয়ালী, বীর বাগগোয়ালী, কদমতলী, মুদাফর্দি, জুরানপুর, দুর্গাপুরসহ ১৯টির বেশি গ্রামের মানুষ যাতায়াত করে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, প্রায় পুরো সড়কেই কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। রাস্তায় খানাখন্দ থাকায় রিকশা, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন হেলেদুলে চলাচল করছে। সড়কের উভয় পাশের মাটি ধসে পড়েছে।
স্থানীয় অটোরিকশা মালিক সমিতির সভাপতি বদরুল আলম ও অটোরিকশার চালক জাহাঙ্গীর আলম বলেন, ‘গর্তে ভরা এ রাস্তা দিয়ে অটোরিকশা চালাতে গিয়ে প্রতিনিয়ত যানবাহনের যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। ভালো সড়ক দিয়ে চলাচল করলে যে যন্ত্র দুই বছর টেকে, এ সড়ক দিয়ে চালাতে গিয়ে তা দুই সপ্তাহও টেকে না। মাঝেমধ্যে নিজেদের টাকায় ইট ফেলে সড়কটি সচল রাখার চেষ্টা করছি।’
সুন্দলপুর বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুনশি ও ব্যবসায়ী তৌহিদুল ইসলাম বলেন, ‘দোকানের মালামাল পরিবহনের জন্য নিয়ে আসতে চাইলে রাস্তাটি দিয়ে ইঞ্জিনচালিত ট্রলি, পিকআপ ভ্যান বা অন্য যানবাহন আসতে রাজি হয় না।’
জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মোতাশিম বিল্লাহ বলেন, এই ভাঙা সড়ক দিয়ে বৃষ্টির দিনে যাতায়াতে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ আলম বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটি দিয়ে যাতায়াতে ২০ থেকে ২৫ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য গত মাসে উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভায় তাগিদ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী রতন লাল সরকার বলেন, সড়কটি ২০১০-১১ অর্থবছরে সংস্কার করা হয়। বর্তমানে সড়কটি সংস্কারের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে তালিকা পাঠানো হয়েছে। বরাদ্দ এলে ২০১৬-১৭ অর্থবছরেই কাজটি শুরু করে শেষ করা হবে।