সংস্কার হয় না পাঁচ বছর, ২০ কিলোমিটার বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শ​রীয়তপুর-কার্তিকপুর-সখিপুর সড়কটি খানাখন্দে ভরা। ছবিটি গত সোমবার তেলিপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
শ​রীয়তপুর-কার্তিকপুর-সখিপুর সড়কটি খানাখন্দে ভরা। ছবিটি গত সোমবার তেলিপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

শরীয়তপুর জেলা শহর থেকে কার্তিকপুর হয়ে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা সদর পর্যন্ত সড়কটির দূরত্ব ২৮ কিলোমিটার। এর মধ্যে ২০ কিলোমিটারে খানাখন্দ। উঠে গেছে পিচ। প্রায় পাঁচ বছর ধরে সড়কটি সংস্কার করা হচ্ছে না।

শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, শরীয়তপুর-কার্তিকপুর-সখিপুর সড়কটি ২০০০ সালে পাকা করা হয়। জেলা শহর থেকে নড়িয়া উপজেলার ভোজেশ্বর পর্যন্ত আট কিলোমিটার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে। ভোজেশ্বর থেকে গোলার মাঠ পর্যন্ত ১২ কিলোমিটার নড়িয়া উপজেলায়। গোলারমাঠ থেকে কার্তিকপুর বাজার হয়ে সখিপুর থানা সদর পর্যন্ত আট কিলোমিটার ভেদরগঞ্জ উপজেলায়। এ ২০ কিলোমিটার সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেখাশোনা করে।
গত শনি ও রোববার ওই সড়কে গিয়ে দেখা যায়, শরীয়তপুর শহর থেকে ভোজেশ্বর পর্যন্ত সওজ বিভাগের চার কিলোমিটার পথ অসংখ্য খানাখন্দ। স্থানীয় ব্যক্তিরা বলেন, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় উপজেলার কার্তিকপুর এলাকাটি গুরুত্বপূর্ণ। এ কারণে সড়কটিতে যানবাহনের চাপ বেশি। ২০১৩ সালে সড়কের এ অংশটি সংস্কার করা হয়েছিল।
জেলা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, গত বছর সামান্য কিছু স্থানে গর্ত ও খানাখন্দ সংস্কার করা হয়েছিল। বৃষ্টিতে তা আবার নষ্ট হয়ে গেছে। এ বছর এখনো সংস্কারের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
সড়কের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর থেকে গোলার বাজার পর্যন্ত আট কিলোমিটার এবং ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর থেকে সখিপুর পর্যন্ত আট কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। স্থানীয় ব্যক্তিরা বলেন, এ সড়ক নির্মাণের পর ২০০৯ সালে সংস্কার করা হয়েছিল। এসব এলাকায় সড়কের পিচঢালাই উঠে গেছে। বেরিয়ে পড়েছে ইট।
শরীয়তপুর সদর উপজেলার বাসিন্দা সুদীপ্ত ঘোষ সখিপুর হাজী শরীয়তউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক। তিনি প্রতিদিন এ সড়ক দিয়ে কলেজে যাতায়াত করেন। তিনি বলেন, জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করছেন। আগে তাঁর আসা-যাওয়া করতে ৪৫ মিনিটের মতো সময় লাগত। এখন দেড়-দুই ঘণ্টা লেগে যায়। তাঁদের মতো সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভাবার কেউ নেই।
শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, শরীয়তপুরের বেশ কয়েকটি সড়ক সংস্কারের অভাবে বেহাল। জেলার ৪৭টি সড়কের সংস্কারকাজের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। শরীয়তপুর-কার্তিকপুর-সখিপুর সড়কটির এলজিইডির অংশের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।