সংস্কার হয় না সাত বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শিয়া মসজিদ মোড় পর্যন্ত যাওয়ার মূল সড়কের নাম বাঁশবাড়ি সড়ক। দৈর্ঘ্যে বড়জোর এক কিলোমিটার। স্বল্প দৈর্ঘ্যের এই সড়কে আছে ছোট-বড় শতাধিক গর্ত। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে মোহাম্মদপুরবাসীকে।
বাঁশবাড়ি সড়ক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
স্থানীয় লোকজন বলেন, গত কয়েক বছর ধরেই সড়কটির এই হাল। কিন্তু সড়ক সংস্কারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ তাঁদের চোখে পড়েনি। সড়কটি শেষ কবে সংস্কার হয়েছে, তা-ও জানেন না তাঁরা। তবে স্থানীয় কাউন্সিলর তারেকুজ্জামান জানান, সর্বশেষ ২০০৯-১০ সালে সড়কটির সংস্কার হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বাঁশবাড়ি সড়কের শুরুতেই পিচ উঠে গেছে, হাতের ডান দিকে তৈরি হয়েছে লম্বালম্বি দুটি গর্ত। নগর মাতৃসদনের সামনের গর্তটি বেশ বড়। এরপর সড়কটির শেষ মাথা পর্যন্ত দু-চার কদম পরপরই ছোট-বড় গর্ত চোখে পড়ে। এর মধ্যে একটি গর্তে খুঁটি রেখে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। সড়কটির সবচেয়ে দুরবস্থা স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় কার্যালয়ের সামনে। সেখানে গতকাল দুপুরেও পানি জমে থাকতে দেখা গেছে। গর্তের কারণে এই অংশের এক পাশ দিয়ে হেলেদুলে চলছে ছোট ছোট যানবাহন।
ছয় বছর থেকে সড়কের পাশের একটি দোকানে কাঠের আসবাব বিক্রি করেন মানিক মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি। কবে থেকে সড়কের এই অবস্থা, জানতে চাইলে তিনি বলেন, তিনি যত দিন ধরে দোকান করছেন, তত দিন থেকেই এই দুরবস্থা দেখছেন। এই সময়ের মধ্যে কোনো সংস্কারকাজ হয়েছে বলে তাঁর জানা নেই।
মানিক মিয়া আরও বলেন, খানাখন্দে ভরা সড়কটিতে একটু বৃষ্টি হলেই পানি জমে। গর্তে পড়ে প্রায়ই যাত্রীসহ রিকশা উল্টে যায়। বৃষ্টি বেশি হলে এ রাস্তা দিয়ে লেগুনাসহ ছোট যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।
বাঁশবাড়ি সড়কটির পাশেই চাঁন মিয়া ও মোহাম্মদীয়া হাউজিং। এই দুই আবাসিক এলাকার বাসিন্দাদের প্রতিনিয়ত এই সড়কটি ব্যবহার করতে হয়। মোহাম্মদীয়া হাউজিংয়ের বাসিন্দা রহমত আলী বলেন, গর্তের কারণে পুরো সড়ক ব্যবহার করা যায় না। ফলে সারা দিনই এখানে যানজট লেগে থাকে। ১০ মিনিটের পথ যেতে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লেগে যায়। রিকশার চালকেরাও সহজে এ পথ দিয়ে যেতে যান না।
গতকাল দুপুরে নগর মাতৃসদনের সামনে দাঁড়িয়ে ছিলেন রিকশাচালক আমির হোসেন। আদাবর যেতে চাইলে তিনি রাজি হননি। আমির বলেন, রাস্তা ভাঙা। রিকশা চালাতে কষ্ট হয়। আর একবার যানজটে পড়লে অনেক সময় নষ্ট হয়। তাই তিনি যাবেন না।
রিকশা ও ছোট যানবাহনের পাশাপাশি এ সড়ক দিয়ে সবচেয়ে বেশি চলে লেগুনা বা হিউম্যান হলার। আদাবর হয়ে লেগুনাগুলো যায় মিরপুর-১ ও মিরপুর-১০ নম্বর পর্যন্ত।
লেগুনাচালক নুর আলম বলেন, সংস্কার না করায় সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। গর্তের কারণে প্রতিটি লেগুনাই সপ্তাহে অন্তত একবার নষ্ট হয়। বৃষ্টি হলে এমন যানজটের সৃষ্টি হয় যে এই পথ পার হতে দেড়-দুই ঘণ্টা সময় লাগে।
পথচারী আরমান হোসেন বলেন, সামান্য বৃষ্টি হলেই এ সড়কে আর হাঁটার উপায় থাকে না। বৃষ্টি বেশি হলে সড়কের পানি পাশের দোকানে ওঠার মতো অবস্থা হয়ে যায়।
এ সমস্যার সমাধান কবে হবে জানতে চাইলে তারেকুজ্জামান বলেন, সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারের জন্য দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আগামী মাসে দরপত্র আহ্বান করা হতে পারে। এরপরই সংস্কারকাজ শুরু করা হবে।