সংস্কার হয় না সড়ক দুর্ভোগ মানুষের
বগুড়ার আদমদীঘি স্টেশন ভায়া কদমা হাট হয়ে সান্তাহার সাইলো পর্যন্ত নয় কিলোমিটার সড়কটি নির্মাণ করা হয়েছে প্রায় নয় বছর আগে। এরপর সড়কটির আর সংস্কার করেনি বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে প্রায় ২০টি গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে সওজ আদমদীঘি রেলওয়ে স্টেশন থেকে কদমা হাট হয়ে সান্তাহার সাইলো সড়ক পর্যন্ত প্রায় নয় কিলোমিটার সড়ক নির্মাণ করে। এরপর থেকে রাস্তায় অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কের পার্শ্ববর্তী দমদমা গ্রামের বাসিন্দা সাজেদুল ইসলাম বলেন, এ উপজেলায় সওজের যে রাস্তা রয়েছে, তা হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুলে গেছে। অন্যথায় নয় বছরেও রাস্তাটির সংস্কারকাজ হয়নি কেন?
ওই সড়কে চলাচলকারী ইজিবাইক সমিতির সভাপতি খায়রুল বারি বলেন, রাস্তা খারাপ হওয়ার কারণে সব ধরনের যান এক ঘণ্টার রাস্তা দুই ঘণ্টায় চলাচল করে। সান্তাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে তাঁর ইউনিয়নের দমদমা, কাশিমিলা, প্রসাদখালি, বামনীগ্রাম এবং আদমদীঘি সদর ইউনিয়নের কদমা, করজবাড়ী, গনিপুর, রামপুরা, ময়ূর কাশিমালা, জোড়পুকুরিয়া, মণ্ডবপুরা গ্রামসহ প্রায় ২০টি গ্রামের মানুষ বিভিন্ন যানবাহনে চলাচল করে। তিনি বলেন, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় ওই সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারছে না। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আদমদীঘি সদর ইউপির চেয়ারম্যান রফি আহম্মেদ বলেন, তাঁর ইউনিয়নের রক্তদহ বিল পাড়ের কয়েকটি গ্রামের মানুষ তাদের উৎপাদিত ধানসহ বিভিন্ন ফসল এ সড়ক দিয়ে উপজেলা সদরে নিয়ে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ থাকায় কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আরও বলেন, উপজেলা সদরে সওজ বিভাগের কোনো দপ্তর না থাকায় রাস্তার অবস্থার কথা জানানো সম্ভব হয় না।
বগুড়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম গত রোববার বলেন, ‘চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় আমরা সব রাস্তার কাজ করতে পারি না।’ তিনি বলেন, ‘আমি নিজে ওই রাস্তা পরিদর্শন করেছি। রাস্তা মেরামতের জন্য সামান্য টাকা বরাদ্দ করেছি, যা দিয়ে বেশি খারাপ অংশের সংস্কার করা হবে।’