>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

পিচঢালাই ভেঙে সড়কের দুই পাশ ঢালু হয়ে গেছে। বেরিয়ে পড়েছে খোয়া। আরও আছে অসংখ্য খানাখন্দ। এর ওপর দিয়ে হেলেদুলে চলছে গাড়ি। বরগুনা সদর উপজেলার লাকুরতলা-ফুলঝুড়ি সড়কের প্রায় ১০ কিলোমিটার অংশ এভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরগুনা কার্যালয় সূত্র জানায়, এলজিইডির আওতায় বরগুনা সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে ২০০২-০৩ অর্থবছরে ১৫ দশমিক ৬ কিলোমিটার লাকুরতলা-ফুলঝুড়ি সড়কটি নির্মাণ করা হয়।
এলাকার লোকজন বলেন, নির্মাণের প্রায় ১৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়া ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৬ কিলোমিটার সড়কের অধিকাংশ জায়গায় পিচঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্তের।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, লাকুরতলা থেকে বাওয়ালকার খেয়াঘাট পর্যন্ত দুই কিলোমিটার সড়কের দুই পাশের পিচঢালাই ভেঙে গেছে। মাঝে অল্প একটু জায়গায় পিচঢালাই রয়েছে। এর ওপর দিয়ে কেবল সাইকেল চলাচল করতে পারে।
বাওয়ালকার নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে পাতাকাটা সেতু পর্যন্ত তিন কিলোমিটার সড়কের পিচ উঠে গিয়ে সুরকি ও মাটি একাকার হয়ে গেছে। এতে ধুলাবালু ওড়ায় দুই পাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বাওয়ালকার গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া বলেন, সড়কটির অবস্থা এত খারাপ যে এলাকার কোনো লোক অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসতে চায় না।
পাতাকাটা সেতুর পশ্চিম পাড় থেকে ফুলঝুড়ি বাজার পর্যন্ত সড়কটি ভেঙেচুরে নাজুক হয়ে গেছে। পিকআপের চালক মনির বলেন, সড়কটি দিয়ে ভয়ে ভয়ে গাড়ি চালান। যাত্রীরাও উঠতে চান না। পারলে হেঁটেই চলে যান। প্রায় আট-নয় বছর ধরে সড়কটির এই বেহাল অবস্থা।
পূর্ব গুলিশাখালী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলী বেগম বলেন, এই সড়কটির অবস্থা খারাপ হওয়ায় তিনি পাঁচ কিলোমিটার ঘুরে ফুলঝুড়ি বাজার হয়ে বিকল্প পথে বিদ্যালয়ে যান। এতে খরচ বেশি হয়, সময়ও নষ্ট হয়।
এলাকার লোকজন বলেন, বেহাল এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। ফুলঝুড়ি বরগুনা জেলার একটি প্রসিদ্ধ বন্দর। এ ছাড়া এই সড়ক দিয়ে বরগুনা সদরের বদরখালী ইউনিয়ন ছাড়াও পাশের বামনা উপজেলার রামনা, ডৌয়াতলা; বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের হাজারো মানুষ যাতায়াত করে। কিন্তু সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট বিভাগের।
ফুলঝুড়ি বাজারের ব্যবসায়ী স্বপন কুমার বাড় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই সড়কটির কোনো অভিভাবক নেই। না হলে ৯-১০ বছর ধরে এমন গুরুত্বপূর্ণ একটি সড়ক এভাবে বেহাল অবস্থায় পড়ে থাকে কীভাবে?’
সদর উপজেলা প্রকৌশলী শওকত হোসেন গত শুক্রবার বলেন, তাঁরা একটি প্রকল্পের আওতায় আপাতত দুই কিলোমিটার সড়ক মেরামতের জন্য প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান প্রকৌশলীর কার্যালয়ে পাঠিয়েছেন। অনুমোদিত হলে শিগগিরই কাজ শুরু করা হবে।