দীর্ঘদিন ধরে সংস্কার না করায় মানিকগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ বেতিলা-বালিরটেক ও মিতরা-বরুণ্ডি সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়ক দুটির প্রায় পুরো অংশেই ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার অন্তত ৪০ হাজার মানুষকে।
ঢাকা থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সহজে ও দ্রুত যাতায়াতের জন্য সিঙ্গাইর হয়ে বেতিলা-বালিরটেক সড়ক দিয়ে যেতে হয়। আর জেলার দক্ষিণাঞ্চলের মানুষ জেলা সদরে যাতায়াতের জন্য ব্যবহার করে মিতরা-বরুণ্ডি সড়ক।
সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় জানায়, ২০০০ সালে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ বেতিলা-বালিরটেক সড়ক এবং ২০০৩ সালে সাত কিলোমিটার দূরত্বের মিতরা-বরুণ্ডি সড়ক পাকা করা হয়। প্রয়োজন অনুযায়ী প্রতি তিন বছর পর সংস্কার করা হলেও গত পাঁচ বছরে তা করা হয়নি।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা, গোকুলনগর, হিজলাইন, লেমুবাড়ী, উত্তর পুটাইল, কাপাটিয়া, ভাটরা ও বাগিয়া এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মিতরা-বরুণ্ডি সড়কের মিতরা, শলুণ্ডি, বাইতরা, কৈতরা ও একাশি এলাকায়ও একই দশা। সড়ক দুটির এসব গর্তে জমে ছিল বৃষ্টির পানি। এ কারণে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে ধীরে ধীরে চলছিল।
কথা হয় পুটাইল ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কলেজছাত্র মোস্তফা হোসেনের সঙ্গে। সে বলে, বেতিলা-বালিরটেক সড়কের পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলেজে যেতে হয়। রাস্তার বড় বড় গর্তের কারণে যানবাহন কম চলায় সময়মতো বাস পাওয়া যায় না। কোনো বাস পেলেও কলেজে যেতে অনেক সময় লাগে।
স্থানীয় পুটাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল বলেন, সড়ক দুটি সংস্কারের ব্যাপারে বিগত উপজেলা মাসিক উন্নয়ন সভায় বেশ কয়েকবার আলোচনা হয়। কিন্তু এ পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দুর্ভোগও পিছু ছাড়ছে না।
যোগাযোগ করা হলে সদর উপজেলা প্রকৌশলী মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, বেতিলা-বালিরটেক সড়ক সংস্কারের জন্য ৯৬ লাখ ও মিতরা-বরুণ্ডি সড়কের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ ধরে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। দরপত্র মূল্যায়নের পর কাজ শুরু হলে জনগণের দুর্ভোগ কমবে।