সংস্কার হয়নি সেই মোটেলটি
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের দিন (গত বছরের ২৮ ফেব্রুয়ারি) দুর্বৃত্তদের দেওয়া আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় সোনামসজিদ পর্যটন মোটেল। ওই দিন নিহত হন পর্যটন বিভাগের একজন নির্বাহী প্রকৌশলীও। প্রায় দেড় বছর পার হলেও ক্ষতিগ্রস্ত মোটেলটি এখানো সংস্কার করা হয়নি।
বাংলাদেশ পর্যটন করপোরেশন ও মোটেল নির্মাণকাজের সঙ্গে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান পারিসা কনস্ট্রাকশন সূত্রে জানা গেছে, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে মোটেলটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণকাজ সম্পন্ন করে ২০১২ সালের ৩০ ডিসেম্বর পারিসা কনস্ট্রাকশন এটি পর্যটন করপোরেশনের কাছে হস্তান্তর করে। মোটেলটি ২০১৩ সালের ৩ মার্চ উদ্বোধন করার কথা ছিল। তার আগেই দুর্বৃত্তরা মোটেলে আগুন দিয়ে ভবনসহ আসবাব ক্ষতিগ্রস্ত করে ও মোটেলের ছাদ থেকে ফেলে নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলামকে হত্যা করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রথম আলোকে জানান, বরাদ্দের অভাবেই সংস্কারকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে সংস্কারকাজে হাত দেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর জানান, ঢাকায় অনুষ্ঠিত জেলা প্রশাসকের সম্মেলনের সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে মোটেলটি সংস্কার ও চালু করার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। সাংসদ গোলাম রাব্বানী বলেন, ‘মোটেলটি দ্রুত সংস্কার করে চালু করার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দেনদরবার করব।’