সংস্কার হয়নি সড়ক, জনদুর্ভোগ
খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লোকজন। এদিকে বোয়ালখালী-জামতলী সড়কের একাংশ বোয়ালখালী খালের ভাঙনে বিলীন হয়ে গেছে।
এলজিইডি সূত্র জানায়, এক কোটি টাকা বরাদ্দ পেলে সড়কগুলো সংস্কার করা সম্ভব।
সূত্র জানায়, ২০০৯-১০ অর্থবছরে বোয়ালখালী খালের ভাঙন থেকে বোয়ালখালী বাজার-জামতলী সড়ক রক্ষা করতে ধারক দেয়াল নির্মাণ করা হয়। কাজটি শেষ হয় ২০১০ সালের ৩০ ডিসেম্বর। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র এক মাসের মধ্যে ধারক দেয়াল ও সড়কের একাংশ খালের মধ্যে ধসে পড়ে। বোয়ালখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দ্বিল মোহাম্মদ বলেন, এ সড়ক দিয়ে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয় ও একটি মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। সড়কটি বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীদের দূরের সড়ক দিয়ে ঘুরে আসতে হবে। এ ছাড়াও বোয়ালখালী পুরাতন বাজারের চালকলগুলো থেকে চাল আনার জন্য কোনো গাড়ি যেতে পারবে না।
সরেজমিনে দেখা যায়, অনাথ আশ্রম মধ্য বোয়ালখালী সড়কের দেড় কিলোমিটার অংশের পিচের আস্তরণ পুরোপুরি উঠে গেছে। কবাখালী তারাবুনিয়া সড়কটির দুই কিলোমিটার অংশ বেহাল। বোয়ালখালী-জামতলী সড়কের দুই কিলোমিটার অংশের অবস্থাও খারাপ। পানছড়ি লংগদু সড়ক ১৫ বছর ধরে সংস্কার হচ্ছে না। সড়কটির থানা বাজার এলাকায় একটি কালভার্ট দেবে গেছে। সংস্কার করা না হলে কালভার্টটি ধসে পড়ে কামাকুছড়াসহ শতাধিক গ্রামের অভ্যন্তরীণ যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।
থানা বাজার এলাকার দীপায়ন বড়ুয়া ও মো. এরশাদ বলেন, থানা বাজার এলাকার কালভার্টটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।
উপজেলা প্রকৌশলী প্রশান্ত কুমার হালদার বলেন, সড়কগুলো সংস্কারের জন্য এক কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ায় সংস্কার করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, গত ৪ ডিসেম্বর সড়কগুলোর সংস্কারের প্রয়োজনীয়তা ও বরাদ্দ চেয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।