সংস্কারকাজ ছয় ঘণ্টা বন্ধ
তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের রংপুরের তারাগঞ্জ বাজার এলাকার ৭০০ মিটারে সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের পাথর ও বিটুমিনের পরিমাণ কম দেওয়ায় চার দিনের মাথায় কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, সড়কটির যে অংশে কার্পেটিং করা হয়েছে, সেই অংশের বিভিন্ন স্থানে পাথর উঠে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। রংপুরের সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, সওজ বিভাগের অধীনে এ সড়কের সংস্কারকাজের জন্য ৪১ লাখ টাকা বরাদ্দ করা হয়। রংপুরের মেসার্স আতাউর রহমান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। স্থানীয় লোকজন অভিযোগ করেন, সিডিউল অনুযায়ী ঠিকাদারের লোকজন সড়কের কাজ করছেন না। সড়ক সংস্কারে নিম্নমানের পাথর ব্যবহার ও পরিমাণের চেয়ে অনেক কম বিটুমিন ব্যবহার করছেন। এ কারণে মঙ্গলবার সকাল আটটা থেকে একটা পর্যন্ত মেরামতের কাজ বন্ধ করে দেওয়া হয়। ঠিকাদার হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, মিকশ্চার মেশিন নষ্ট হয়ে যাওয়ায় কার্পেটিং করতে একটু সমস্যা হয়েছে। এ কারণে রাস্তার কয়েক স্থানের পাথর উঠে গেছে। এখন ঠিক করে দেওয়া হচ্ছে। সংস্কারকাজ তদারকির দায়িত্ব পাওয়া সওজের রংপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ইউএনও এনামুল হক ও স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে এসেছিলেন। তাঁরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছেন। রাস্তার কাজ সঠিকভাবে করা হচ্ছে।