সংস্কারকাজ নয় মাস পর অনিয়ম দিয়ে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যাদেশ দেওয়ার নয় মাস পর কক্সবাজার-টেকনাফ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে। এতে এলাকায় অসন্তোষ বিরাজ করছে।
সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এই সড়কের থাইংখালী থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত ৪৩ কিলোমিটার সড়কের সংস্কারকাজের জন্য প্রায় ২১ কোটি টাকা বরাদ্দ দেয়। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রজেক্ট বিল্ডার্স এই কাজ করছে।
স্থানীয় লোকজন জানান, ১৪ ফেব্রুয়ারি সকালে কয়েকজন শ্রমিক দিয়ে ঠিকাদার টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার জিরো পয়েন্ট থেকে সংস্কারকাজ শুরু করেন। তিন দিন কাজ করার পর বৃষ্টি হলে কাজ বন্ধ থাকে। গত বৃহস্পতিবার সকাল থেকে আবার কাজ শুরু হয়। এর মধ্যে প্রায় দেড় কিলোমিটার সড়কের সংস্কারকাজ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেষ করা হয়।
দেখা গেছে, অলিয়াবাদ ও বাসস্টেশন এলাকায় সড়কের ওপর সৃষ্ট বড় গর্তগুলো পাথর ও মাটিচাপা দিয়ে ভরাট করে কার্পেটিং করা হচ্ছে। হাতে গোনা কয়েকজন শ্রমিক সড়কের ওপর বিটুমিন ছিটাচ্ছেন। এতেও মেশিন ব্যবহার করা হচ্ছে না। সড়কে প্রলেপ ৫০ মিলিমিটার (দুই ইঞ্চি) হওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি।
নাম প্রকাশে অনিচ্ছুক বাসস্টেশনের কয়েকজন ব্যবসায়ী বলেন, অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে কাজ শুরু করলে তাঁরা শ্রমিকদের কাজে বাধা দেন। সওজ কর্তৃপক্ষকেও অনিয়মের অভিযোগ করা হয়। কিন্তু কোনো ফল পাননি তাঁরা।
সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আবদুর রশিদ বলেন, শুরুর দিকে কাজের মান ভালো না হওয়ায় ঠিকাদারের লোকজনকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু এতে উল্টো তাঁকে হুমকি দেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক আবুল হাশেম বলেন, এই স্থলবন্দরের মাধ্যমে মিয়ানমার থেকে প্রতিমাসে গড়ে ৬০ কোটি টাকার হিমায়িত মাছ, কাঠ, মসলা, চাল, ডাল, মরিচসহ অন্যান্য মালামাল আসছে। এসব পণ্য ট্রাকবোঝাই করে এই সড়ক দিয়ে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা সরবরাহ করা হয়। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় মালবাহী ট্রাক চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। নয় মাস আগে ৩৬৫ দিনের মধ্যে এই সড়কের ৪৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২১ কোটি টাকা বরাদ্দ দিলেও এত দিন কাজ শুরু করেননি ঠিকাদার। এখন তড়িঘড়ি করে যে কাজ চলছে, তা সামান্য বৃষ্টিতেই নষ্ট হয়ে যাবে। তখন মালামাল পরিবহনে আরও সমস্যা দেখা দেবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রজেক্ট বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক মো. রফিক বলেন, ঝড়-বৃষ্টি আর সারা দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে যথাসময়ে সড়কের উন্নয়নকাজ শুরু করা যায়নি। এখন কাজ শুরু হলেও বৃষ্টির জন্য কয়েক দিন কাজ বন্ধ ছিল।
অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, মেশিন না থাকায় শ্রমিক দিয়ে সড়কে বিটুমিন দেওয়া হচ্ছে। সড়ক উঁচু-নিচু বলে প্রলেপ কোথাও কোথাও কম-বেশি দেখা যাচ্ছে। এতে কোনো সমস্যা হবে না।
সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী এ কে এম নূরে আলম বলেন, সংস্কারকাজে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদারকে সতর্ক করা হয়েছে। কাজ তদারকির জন্য সেখানে সার্বক্ষণিক লোক রাখা হয়েছে। এরপরও অনিয়ম হলে কাজ বন্ধ রাখা হবে।