খুলনা-মংলা জাতীয় মহাসড়কের সংস্কারকাজ এক মাস ধরে বন্ধ রয়েছে। এ পথে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন ও যাত্রীরা।জানা গেছে, জানুয়ারি মাসে এ মহাসড়কের সংস্কার শুরু হলেও লোকসানের ভয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ফেব্রুয়ারি মাসে কাজ বন্ধ করে দিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, দরপত্রে উল্লিখিত দাম পুনর্মূল্যায়ন করা না হলে তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়।গত রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, খুলনা-মংলা জাতীয় মহাসড়কের গাছতলা, খাজুরা, লকপুর, কাটাখালী, শ্যামবাগাত, চুলকাটি ও চন্দ্রমহল এলাকায় সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে খানাখন্দে ভরে গেছে। লকপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকার সড়কে প্রায় ১০০ মিটার এলাকা যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কাটাখালী এলাকা থেকে শ্যামবাগাত পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পিচ ও খোয়া নেই। শুধু গর্ত আর গর্ত। একই অবস্থা মহাসড়কের গাছতলা, খাজুরা, চুলকাঠি ও চন্দ্রমহল এলাকার। এ পথেই ঝুঁকি নিয়ে চলাচল করে বাস, ট্রাকসহ শত শত যানবাহন। বাসচালক মো. হারুনুর রশীদ বলেন, ‘এ পথে গাড়ি চালাতে যাইয়ে গাড়ির বারোটা বাজদিছে, গাড়ির পাতি, স্প্রিং, বডির ক্ষতির পাশাপাশি টায়ার-টিউবের মারাত্মক ক্ষতি হচ্ছে। যাত্রীরাও কষ্ট পাচ্ছে।’ প্রায় একই ধরনের কথা বলেন চালক মো. সেলিম শেখসহ কয়েকজন।খুলনা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিকরুল হক বলেন, খুলনা-মংলা সড়কের ৩০ কিলোমিটার সংস্কারের জন্য ২০০৮ সালের শিডিউল দরে গত বছরের ২ মার্চ দরপত্র আহ্বান করা হয়। প্রায় ২১ কোটি টাকার কাজের মধ্যে ছিল সোয়া দুই কিলোমিটার পুনর্নির্মাণ এবং বাকি অংশ সংস্কার। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রিলায়েবল কনস্ট্রাকশন। কার্যাদেশ দেওয়া হয় গত ৩ জানুয়ারি। কিন্তু গত বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও খারাপ হওয়ায় সোয়া দুই কিলোমিটারের স্থলে ছয় কিলোমিটার পুনর্নির্মাণের প্রয়োজন হয়ে পড়ে। সড়কের ক্ষতির পরিমাণ বেড়ে যায়। উপকরণের দাম অনেকাংশে বৃদ্ধি পাওয়ায় কাজ শুরু করেও লোকসানের ভয়ে ঠিকাদার গত ফেব্রুয়ারি মাসে কাজ বন্ধ করে দেয়। এ অবস্থায় তাদের পক্ষে কোনোভাবেই কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন। তাই এ প্রকল্পের কাজ পুনর্মূল্যায়নের জন্য ফেব্রুয়ারি মাসেই প্রধান প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত প্রস্তাবটি অনুমোদিত হয়নি।