সংস্কারকাজ বন্ধ, ভাঙনের ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলার জিনতলা এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধ। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
বরগুনার পাথরঘাটা উপজেলার জিনতলা এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধ। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী ও বলেশ্বর নদের তীরে জিনতলা এলাকার দুই কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ মেরামতের কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। এলাকাবাসীর আশঙ্কা, জোয়ারের ধাক্কায় অন্তত ছয়টি নাজুক অংশে বাঁধ ভেঙে যাবে। প্লাবিত হবে আশপাশের কয়েকটি গ্রাম।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলার ৪৩/২ এফ ফোল্ডারের জিনতলা এলাকার দুই কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজকে গত বছরের ১৫ অক্টোবর কার্যাদেশ দেওয়া হয়। ৬৫ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে ওই কাজ গত ১২ জানুয়ারির মধ্যে সম্পন্ন করার কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি মাত্র ১৫ শতাংশ কাজ করে ৯ লাখ টাকা বিল তুলে নিয়ে যায়। পরে গত বছরের ৩১ ডিসেম্বর কাজ সম্পন্ন করার মেয়াদ বৃদ্ধির আবেদন করেন প্রতিষ্ঠানের মালিক সিদ্দিকুর রহমান মোল্লা। সেই সঙ্গে বরাদ্দ বাড়িয়ে ৯০ লাখ টাকা করার জন্যও আবেদন করেন তিনি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে পাউবো চলতি বছরের ৯ জুন পর্যন্ত ওই কাজের মেয়াদ বৃদ্ধি করে। এ ছাড়া প্রকল্পের অর্থ বৃদ্ধির জন্য গত এপ্রিলে পাউবোর প্রধান প্রকৌশলী বরাবর প্রস্তাব পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলেও ঠিকাদার বাঁধের কাজ করেননি।
জিনতলা বাঁধ এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন মাস ধরে বাঁধের মেরামতের কাজ বন্ধ রয়েছে। এ সময়ের মধ্যে মেরামতের জন্য আনা সামগ্রী নিয়ে গেছেন ঠিকাদার। এই পরিস্থিতে জোয়ারের চাপে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাঁধ ভেঙে আশপাশের গ্রামগুলোতে জোয়ারের পানি ঢুকলে কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বাঁধের প্রায় এক কিলোমিটার এলাকায় অন্তত ছয়টি স্থানে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময় জোয়ারের চাপে এসব অংশের বাঁধ পুরোপুরি ভেঙে যেতে পারে। এতে জিনতলা, চরলাঠিমারাসহ আশপাশের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হতে পারে।
জিনতলা এলাকার বাসিন্দা বেলায়েত হোসেন বলেন, চলতি বর্ষা মৌসুমের আগেই বাঁধ মেরামতের কাজ শেষ হবে, এমনটাই শুনেছিলেন তিনি। এখন কাজ শেষ না করেই মালামাল নিয়ে ঠিকাদার পালিয়েছেন। তাঁরা আছেন ভাঙনের ঝুঁকিতে।
এ বিষয়ে গতকাল শুক্রবার সকালে জানতে চাইলে ঠিকাদার সিদ্দিকুর রহমান মোল্লা বলেন, ‘বাঁধটি এমনিতেই ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। কাজ শুরুর পর সেখানে আবার ভাঙন শুরু হয়। এ কারণে কাজ বন্ধ রেখেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, ‘ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সময়সীমা বৃদ্ধি করেছি। বরাদ্দ বাড়িয়ে ৯০ লাখ করার জন্য ঢাকায় প্রস্তাব পাঠিয়েছি। এরপরও কাজ না করাটা দুঃখজনক।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঠিকাদারকে ডেকে আমরা আলোচনা করব। প্রয়োজনে কার্যাদেশ বাতিল করা হবে। ঠিকাদারের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’