
প্রায় এক মাসেও কারওয়ান বাজার পাতালপথ ‘প্রজাপতি গুহা’র সংস্কারকাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে পথচারীরা। নির্মাণকাজে নিয়োজিত ব্যক্তিরা বলছেন, সংস্কারকাজ শেষ হতে আরও ১৫ দিন লাগবে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন বলছে, এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করা হবে।
নগরের ব্যস্ততম এলাকার একটি হচ্ছে কারওয়ান বাজার মোড়। কারওয়ান বাজার পাতালপথটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার পথচারী কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ পার হন। অ্যাভিনিউটিতে উড়ালসেতু না থাকায় সড়ক পারাপারে পথচারীদের একমাত্র ভরসা কারওয়ান বাজারের পাতালপথ।
কয়েক মাস ধরে পাতালপথের সিঁড়ির ধাপগুলো ক্ষয়ে যায়। এতে প্রায়ই পিছলে পড়তে হতো পথচারীদের। গত মাসে পাতালপথটির সংস্কারকাজ শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কাজের শুরুতেই পাতালপথটির সিঁড়িগুলো ভেঙে চুরমার করা হয়। দুই পাশের চারটি সিঁড়িই ভাঙা অবস্থায় প্রায় তিন সপ্তাহ ফেলে রাখা হয়।
এ বিষয়ে গত ২৫ জানুয়ারি ‘প্রজাপতি গুহার সিঁড়ি ভেঙে চুরমার, মানুষের ভোগান্তি’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান বলেছিলেন, এক সপ্তাহের মধ্যে পাতালপথটি ঠিক করে দেওয়া হবে। এর পরে প্রায় দুই সপ্তাহ পেরোলেও সংস্কারকাজের অর্ধেকও শেষ হয়নি।
কারওয়ান বাজারের এই অংশ সব সময় ব্যস্ত থাকে। আশপাশে কোনো পদচারী-সেতু নেই। সড়ক পার হতে বিপুলসংখ্যক মানুষ এই পাতালপথ ব্যবহার করে। এক মাস ধরে প্রতিদিন হাজারো পথচারীকে পাতালপথটি ব্যবহারে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গতকাল মঙ্গলবার দেখা যায়, পাতালপথটির চারটি সিঁড়ির দুটি বন্ধ। বাকি দুটির লাগানো টাইলস ভেঙে ফেলায় সিঁড়িগুলো এবড়োখেবড়ো ও সরু হয়ে আছে। পুরো পাতালপথে প্রচণ্ড ধুলা। পাতালপথ পার হওয়ার সময় রুমাল কিংবা মুখোশে নাক-মুখ ঢেকে রাখছেন পথচারীরা।
এই পথে নিয়মিত চলাচলকারী নিশাত পারভীন বলেন, ‘সব সিঁড়ি একবারে ভেঙে রাখছে। টাইলস তুলে ফেলায় এত সরু হইছে, যেকোনো সময় পিছলে যেতে পারি। এমন গুরুত্বপূর্ণ একটি জায়গা ঠিক করতে এত দিন লাগালে কীভাবে হবে।’
পাতালপথটির বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন বিএসইসি ভবন অংশের সিঁড়িটিতে লাল রঙের সিরামিকের টাইলস লাগানো শেষ। দুটি বাঁশ দিয়ে সিঁড়ির মুখ বন্ধ করে রাখা হয়েছে। পূর্ণিমা সিনেমা হলের অংশের একটি সিঁড়িতে দুজন নির্মাণশ্রমিক টাইলস বসানোর কাজ করছেন।
নির্মাণশ্রমিকদের একজন বলেন, ‘কাজ শুরু করছি আরও তিন সপ্তাহ আগে। পুরোনো টাইলসগুলো সব তুলে নতুন টাইলস বসানোয় দেরি হচ্ছে। দুই পাশের সিঁড়িতে টাইলস লাগানো শেষ। বাকি দুই পাশের সিঁড়িতে টাইলস বসানো ও আনুষঙ্গিক কাজ শেষ হতে আরও ১৫ দিন লাগবে।’
দেখা যায়, বাঁশ দিয়ে বন্ধ করা অংশে নির্মাণকাজে ব্যবহার করার জন্য আনা সিমেন্ট, বালু, ইট, টাইলস ফেলে রাখা হয়েছে। সিঁড়িতে ওঠার অর্ধেকের বেশি জায়গা বাঁশ দিয়ে ঘিরে রাখায় সিঁড়িমুখ সংকীর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি দুজন চলতে কষ্ট হচ্ছে।
এ বিষয়ে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, পাতালপথটির টাইলস ও দেয়ালের রং মিলাতে সমস্যা হওয়ায় কিছুটা দেরি হয়েছে। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে তাগাদা দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ঠিক করে দেওয়া হবে।
এত দিনেও সংস্কারকাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পথচারীরা। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আতিকুর রহমান বলেন, ‘এক পাশের সিঁড়ি ভেঙে সেটি ঠিক করে তারপর অন্য পাশেরটা ভাঙতে পারত। আর ভাঙলে সেটি জলদি ঠিক করবে না কেন? এক সপ্তাহের কাজ শেষ করতে দুই মাস লাগিয়ে মানুষের ভোগান্তি বাড়ানো হচ্ছে।’