সংস্কারকাজ শেষ না হতেই ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ বাজার থেকে করতোয়া নদীর ওপর নির্মিত ওয়াজেদ মিয়া সেতু পর্যন্ত রাস্তাটির সংস্কারকাজ শেষ না হতেই তাতে ভাঙন দেখা দিয়েছে। অপরিকল্পিতভাবে ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ সারায় এই অবস্থা দেখা দিয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর অভিযোগ। সেই সঙ্গে এলাকাবাসীর মুখ বন্ধ করতে এক ঠিকাদার তাঁদের চাঁদাবাজির মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৩ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার ৩৩৭ টাকা ব্যয়ে সড়কটির সংস্কারকাজ শুরু হয়। পাঁচ ভাগে কাজটি পান রংপুরের বদরগঞ্জের খোরশেদ বখশি, ঠাকুরগাঁওয়ের মেসার্স রজব আলী, দিনাজপুর সদরের জিল্লুর রহমান এবং হাকিমপুরের নয়ন ট্রেডার্স। জিল্লুর রহমান দুই ভাগের কাজ পান। জানুয়ারির শেষ নাগাদ থেকে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে কার্যাদেশ দেওয়া হয়। জুনের মধ্যে সবার কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কোনো ঠিকাদারই এ পর্যন্ত গড়ে ৬০ ভাগের বেশি কাজ শেষ করতে পারেননি। তবে এরই মধ্যে ঠিকাদারেরা মোট এক কোটি ৩৭ লাখ টাকার বিল তুলে নিয়েছেন।
সরেজমিনে গত ২৭ ও ২৮ জুন দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই সড়কের দুই ধারে দেড় শতাধিক স্থান ধসে গেছে। বেরিয়ে এসেছে নিম্নমানের খোয়া।
কাঁচদহ বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, রাস্তার জন্য তাঁর দোকান ভাঙা পড়ার কথা। কিন্তু তিনি মিস্ত্রিদের দেড় হাজার টাকা দেন। পরে তাঁর দোকান বাদ রেখে রাস্তা করা হয়েছে। এ রকম টাকার বিনিময়ে অনেকের স্থাপনাই আর ভাঙা হয়নি বলে জানান এ দোকানদার।
বিনোদনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক অভিযোগ করেন, প্রকৌশলী ও ঠিকাদার ঘুষ-বাণিজ্যে নেমেছেন। নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে নিষেধ করায় কাঁচদহের ঠিকাদার এলাকাবাসীকে চাঁদাবাজির মামলায় হয়রানির হুমকিও দিচ্ছেন বলে আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন।
তবে ঠিকাদারেরা অভিযোগ অস্বীকার করে উল্টো এ কাজ করতে গিয়ে নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছেন। ঠিকাদার জিল্লুর রহমান বলেন, সড়কটি যেহেতু বালুর ওপর দিয়ে গেছে, তাই এটি প্রশস্ত করার কাজের বাজেটে অবশ্যই গাইডওয়াল ও পানিনিষ্কাশনের নালা নির্মাণের জন্য বরাদ্দ থাকা দরকার ছিল। আরেক ঠিকাদার খোরশেদ বখশি বলেন, সামান্য বর্ষণে সড়কে এভাবে ভাঙন শুরু হওয়ায় তাঁরাই বরং ক্ষতির মুখে পড়েছেন। ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলাসহ বাড়তি অনেক কাজ করতে হচ্ছে। এদিকে কাঁচদহের ঠিকাদার রজব আলী এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দেওয়া কিংবা ঘুষ-বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন।
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের সংসদ সদস্য শিবলী সাদিক অভিযোগ করেন, এ রাস্তার উন্নয়নের ওপর উপজেলার সকল উন্নয়ন নির্ভর করছে। তিনিও সড়কটি সংস্কারে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছেন বলে জানান। অনিয়ম, দুর্নীতি না হলে এলাকাবাসীসহ প্রশাসনের লোকজন এভাবে অভিযোগ করত না। এ বিষয়ে তিনি মন্ত্রণালয়ে কথা বলবেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা সমন্বয় সভায় ব্যক্তিগতভাবে এবং মুঠোফোনে একাধিকবার তিনি জেলা নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানান।
কিন্তু এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান বলেন, সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের বিষয়ে তাঁর কাছে কেউ অভিযোগ করেনি।