সংস্কারকাজ শেষ না হতেই সড়কে আবার গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুর-জনতা বাজার সড়ক। ২৫ কিলোমিটারের সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয় ৮ কোটি ৪২ লাখ টাকা। কিন্তু ঠিকাদার ১৭ কিলোমিটারের সংস্কার শেষ না করে কাজ বন্ধ করে দিয়েছেন পাঁচ মাস আগে। এদিকে সংস্কার করা সাড়ে পাঁচ কিলোমিটারে আবারও গর্তে ভরে গেছে।
স্থানীয় লোকজন জানান, সড়কটির দুঃখ গেল না। উপজেলার অন্যতম প্রধান এই সড়কটিতে প্রায় সময় দুর্ভোগ পোহাতে হয়।
১৫ অক্টোবর সরেজমিনে দেখা যায়, সড়কটির সংস্কার করা অংশ ষাইটমারা, জেমঘাট, মিঠাছড়ি, জামিরছড়ি, কায়দাবাদ, ছাদেকারকাটা, পাহাড়ি ঢালা, ধলাবন্যা, উত্তরকূল, দক্ষিণকূল ও বড়খোলা এলাকায় খানাখন্দে ভরা। এসব স্থানে পিচঢালাই উঠে গেছে। কোথাও কোথাও রয়েছে বড় গর্ত। এ ছাড়া সংস্কার না হওয়া আট কিলোমিটারে তো গাড়ি চলাচলের অবস্থা নেই।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক বলেন, সংস্কারকাজ শেষ না হতেই সাড়ে পাঁচ কিলোমিটারে গর্ত সৃষ্টি হয়েছে। আর আট কিলোমিটার সড়ক সংস্কারকাজ শেষ করার বিষয়ে ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীকে কয়েকবার বললেও কোনো কাজ হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে ২০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২৫ কিলোমিটারের সড়ক সংস্কারের জন্য গত বছরের ফেব্রুয়ারিতে প্রায় ৮ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সংস্কারকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘র্যাব আরসি প্রাইভেট লিমিডেট’। কার্যাদেশমতে, ২০১৪ সালের ২১ এপ্রিল শুরু করে চলতি বছরের ৩ মার্চ সংস্কারকাজ শেষ করার কথা। কিন্তু ১৭ কিলোমিটারের কাজ শেষ করতেই চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহ পার করে দেন ঠিকাদার। এরপর আট কিলোমিটার সড়কের সংস্কারকাজ শেষ না করে চলে যান ঠিকাদারের লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ দিদারুল ইসলাম বলেন, ‘অফিশিয়াল জটিলতার পাশাপাশি ভারী বৃষ্টির কারণে আপাতত সংস্কারকাজ বন্ধ রাখা হয়েছে। শিগগিরই কাজ শুরু করে আগামী মাসের মধ্যে শেষ করা হবে।’ অফিশিয়াল জটিলতা কী ধরনের প্রশ্ন করা হলে তিনি বিষয়টি খোলাসা করেননি।
উপজেলা প্রকৌশলী মো. মোশাররেফ হোসেন বলেন, ২৫ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ১৭ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছিল। বাকি আট কিলোমিটার সড়কের কাজ না করে ঠিকাদার পাঁচ মাস আগে চলে যান। অবশ্য উপজেলা প্রকৌশলী দাবি করেন, ভারী বর্ষণের কবলে পড়ে পিচঢালাই উঠে গিয়ে প্রায় তিন কিলোমিটার সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জরুরি ভিত্তিতে সংস্কার শেষ করতে ঠিকাদারকে কয়েকবার নির্দেশ দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না।
ফলে নভেম্বরের মধ্যে কাজ শেষ না করলে সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।