সড়কের পিচ উঠে খোয়া বের হয়ে গেছে। কোথাও কোথাও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে গাড়ির চাকা পড়ে আটকে যাচ্ছে। অনেক স্থানে যাত্রী নামিয়ে খালি গাড়ি নিয়ে গর্ত পার হতে হচ্ছে। গর্তে গাড়ি পড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শুকনো মৌসুমে গাড়ি চলাচল করলেও বর্ষায় বন্ধ থাকে।
এ দুরবস্থা খুলনা-পাইকগাছা সড়কের আঠারো মাইলবাজার থেকে পাইকগাছাবাজার পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের। দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কার না করায় সড়কটির এই করুণ অবস্থা হয়েছে। বড় বড় গর্তের কারণে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ব্যবসায়ী ও কৃষকদের।
কয়রা উপজেলা ম ৎস্য আড়ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস জানান, কয়রা ও পাইকগাছা উপজেলার অনেক মানুষ চিংড়ি, কাঁকড়া ও পোনা মাছ বিক্রির ব্যবসা করেন। আঠারো মাইলবাজার-পাইকগাছা সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ওই দুই উপজেলার ব্যবসায়ীরা। নিরুপায় হয়ে তাঁরা নৌপথে মালামাল আনা-নেওয়া করছেন। কিন্তু এতে খরচ বেশি হচ্ছে।
পাইকগাছা উপজেলার কপিলমুনি বণিক সমিতির সভাপতি বুলবুল আহমেদ বলেন, এলাকার সবচেয়ে বড় মোকাম কপিলমুনি বাজার। এই বাজারে প্রতিদিন শতাধিক ট্রাক ও পিকআপে দেশের বিভিন্ন এলাকা থেকে মালামাল আনা-নেওয়া করা হয়। এভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। সড়কের অবস্থা খারাপ হওয়ায় বর্ষা মৌসুমে গাড়ি চলাচল বন্ধ ছিল।
কাছিরনগরবাজার এলাকার কৃষক তমিজ উদ্দিন আহমেদ জানান, সড়ক খারাপ হওয়ায় তিনি ফসল বাজারে নিতে পারেন না। এতে তিনি ফসলের সঠিক মূল্য পাচ্ছেন না। বাজারে না নিতে পারায় প্রায়ই জমিতে উ ৎপাদিত সবজি নষ্ট হয়ে যায়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কে খোয়া উঠে মাটি বের হয়ে আছে। আঠারো মাইল, ঝাতপুর, গুণালী-নলতা, মলাখোলাবাজার ও তেঁতুলতলা মসজিদের সামনে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পড়ে নষ্ট হওয়া গাড়ি সড়কের পাশে পড়ে আছে।
বেতগ্রামের বাসিন্দা সোহেল হোসেন বলেন, পাঁচ বছরে রাস্তার কোনো কাজ হয়নি। এখন রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তায় বের হলে ধুলা-কাদায় নিজের চেহারা বদলে যায়।
বাসচালক মনির হোসেন বলেন, ‘নিজের ও যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে বাস চালাচ্ছি। কী করব, মালিকের গাড়ি চালাই। এক দিন কাম বন্ধ করলে আমাগের সংসার চালাতি কষ্ট হয়।’
খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘রাস্তা সংস্কারের জন্য অনেক আন্দোলন করেছি। কোনো কাজ হয়নি। আমরা এখন চুপ হয়ে গেছি। দেখি কবে হয়।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন বলেন, ওই সড়কের তালা এলাকায় সাড়ে ছয় কিলোমিটার সংস্কার করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী সপ্তাহে কাজ শুরু হবে। পরে পর্যায়ক্রমে সড়কের বাকি এলাকায় কাজ করা হবে।
খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সাংসদ নুরুল হক বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য সংসদে আমি কথা বলেছি। সপ্তাহ খানেকের মধ্যে কাজ শুরু হবে।’