নড়াইল-কালনা সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ এনে গতকাল সোমবার সকালে কালনা এলাকায় সড়কে অবস্থান নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করে। তাদের প্রতিবাদের মুখে তিন ঘণ্টা কাজ বন্ধ থাকে।সড়ক ও জনপথের (সওজ) নড়াইল কার্যালয় থেকে জানা গেছে, নড়াইল-কালনা সড়কের ১৯ কিলোমিটার, নড়াইল-বারইপাড়া সড়কের সাড়ে ১৩ কিলোমিটার এবং যশোর-নড়াইল সড়কের দুই কিলোমিটার সংস্কার করার জন্য ১২ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ হয়েছে। পাবনার মেসার্স শফিক ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। কার্যাদেশ অনুযায়ী ১৮ ফুট চওড়া ও ৪০ মিলিমিটার উচ্চতা বজায় রেখে সংস্কারকাজ করার কথা। এ ছাড়া সড়কের গর্তগুলোয় পাথর ও বালু ফেলে তারপর পিচ ঢালাই করার কথা রয়েছে।এলাকাবাসীর অভিযোগ, লোহাগড়া উপজেলার কুন্দশী চৌরাস্তা থেকে কালনা কারিগরি কলেজ পর্যন্ত গত রোববার যে কাজ হয়েছে, তার উচ্চতা ২০ মিলিমিটারেরও কম। এ ছাড়া সড়কের গর্তগুলোয় পাথর ও বালু না দিয়ে কোনো কোনো স্থানে শুধু বালু আবার কোথাও ইট-বালু দিয়ে ভরাট করে তার ওপর ঢালাই দেওয়া হয়েছে।লোহাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদর খোন্দকার ও সাবেক চেয়ারম্যান বিপ্লব রহমান জানান, সোমবারও একইভাবে কাজ করতে থাকলে স্থানীয় জনতার প্রতিরোধে কাজ বন্ধ হয়ে যায়। নড়াইল সওজের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে কাজ পুনরায় শুরু হয়।অভিযোগের ব্যাপারে মেসার্স শফিক ট্রেডার্সের ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান বলেন, ভুলবশত ইটের খোয়ার ওপর ঢালাই দেওয়া হয়েছে। এ ছাড়া যে জায়গায় ৪০ মিলিমিটারের চেয়ে পাতলা রয়েছে, সেখানেও ঠিক করে দেওয়া হবে।