নড়াইলের লোহাগড়া-লাহুড়িয়া সড়ক সংস্কারকাজে নিম্নমানের খোয়া ব্যবহারের প্রতিবাদে গত রোববার সকালে মাকড়াইল এলাকায় সড়কে অবস্থান নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন। তাঁদের প্রতিবাদের মুখে কাজ বন্ধ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, এলজিইডির আওতাধীন লোহাগড়া-লাহুড়িয়া সড়কের শিয়রবর থেকে মাকড়াইল পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়ক কার্পেটিং করে সংস্কার করতে ১ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ করা হয়। ফরিদপুরের ভাঙ্গার এ কে এম আকরামুজ্জামান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। কার্যাদেশ অনুযায়ী, ১২ ফুট চওড়া করে পাকা সড়ক হবে। এপ্রিলে কাজ শুরু হয়েছে। কাজ শেষের মেয়াদ ৩০ জুন।
এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে সড়কে খোয়া ফেলে ডলা হচ্ছে। ব্যবহার করা খোয়া অতি নিম্নমানের। একদম পোড়ামাটির মতো। এ খোয়া দিয়ে কাজ করলে সড়ক ছয় মাসও টিকবে না। তাই এলাকাবাসীর প্রতিবাদের মুখে সকাল আটটা থেকে কাজ বন্ধ রয়েছে। এরপর থেকে এলাকার লোকজনের প্রতি প্রভাবশালী মহল চাপ দিচ্ছে।
লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ‘গত রোববার সকালে এলাকাবাসীর সঙ্গে প্রতিবাদ করতে আমিও যোগ দিয়েছিলাম। এত নিম্নমানের খোয়া দিয়ে কাজ করা না-করা একই কথা। উপজেলা প্রকৌশলীর সঙ্গে ঠিকাদারের সখ্যের জন্যই এমন নিম্নমানের খোয়া ব্যবহার হচ্ছে। সবাই মিলে এর প্রতিবাদ করা দরকার।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের ভাই আবুল বাসার কাজের সময় ওই এলাকায় অবস্থান করছিলেন। অভিযোগের ব্যাপারে তিনি বলেন, খোয়া মেশিনে ভাঙায় বেশি গুঁড়ো হয়ে যাওয়ায় নিম্নমানের মনে হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে তা নিম্নমানের নয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ওসমান গনির সঙ্গে যোগাযোগ করতে রোববার সারা দিন বহুবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।
উপসহকারী প্রকৌশলী এস এম খালেকুজ্জামান রোববার বিকেলে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিম্নমানের খোয়া অপসারণ করে ভালো খোয়া এনে কাজ করতে হবে।