সংস্কারকাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার, সম্প্রসারণ ও উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারেরও অভিযোগ পাওয়া গেছে।সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা যায়, ১৬ ফুট চওড়া বর্তমান প্ল্যাটফর্মটি সংস্কার করার কথা। কিন্তু সংস্কারের নামে এটি ১১ ফুটে নামিয়ে আনা হচ্ছে। প্ল্যাটফর্মটি দৈর্ঘ্যে ১৫০ ফুট বর্ধিতকরণের পরিবর্তে ১৩৫ ফুটে নামিয়ে আনা হচ্ছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, এই কাজে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট এবং পুরোনো ইট ব্যবহার করা হচ্ছে।স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার, সম্প্রসারণ ও উন্নয়নকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহীর এজে এন্টারপ্রাইজের পক্ষে শহিদুল ইসলাম জানান, রেলওয়ে বিভাগের নকশা ও নির্দেশনা অনুযায়ীই সংস্কার ও বর্ধিতকরণ কাজ চলছে। মানসম্মত ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। নকশার বাইরে তাঁরা কোনো কাজ করেননি এবং করবেনও না। বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) পাকশী বিভাগ ২০১১-১২ অর্থবছরে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম উন্নয়নের প্রকল্প গ্রহণ করে। রাজশাহীর এজে এন্টারপ্রাইজ ২৫ লাখ ৭২ হাজার টাকায় কাজটি পায়। প্ল্যাটফর্মের আরসিসি ঢালাই বর্তমানে ৮ থেকে ১০ ইঞ্চি থাকলেও সেখানে তিন থেকে চার ইঞ্চি ঢালাই করা হবে বলে জানান প্রধান মিস্ত্রি শেকরাম আলী। আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হূমায়ুন কবীর জানান, ১৮৬২ সাল থেকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের কার্যক্রম শুরু হয়। সে সময়েই প্ল্যাটফর্ম ১৬ ফুট চওড়া করা হয়েছিল। বর্তমানে যাত্রীসংখ্যা কয়েক গুণ বেড়েছে। সেখানে প্ল্যাটফর্ম চওড়া না করে তা ভেঙে ১১ ফুট করার সিদ্ধান্ত অযৌক্তিক। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগীয় ব্যবস্থাপক পঙ্কজ দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে প্ল্যাটফর্ম সংকুচিত করার খবরে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি তিনি শিগগির খতিয়ে দেখবেন। কাজে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।