সংস্কারকাজের অনিয়মে আপত্তি করায় নার্সকে গালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন সংস্কারকাজের অনিয়মে আপত্তি করায় নার্সকে অশ্লীল ভাষায় গালি দিয়েছেন শ্রমিকেরা। এমনকি তাঁর স্বামীকেও মারধরের চেষ্টা করা হয়। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। নার্স নূরজাহান বেগম বলেন, ‘আমি যে ভবনে থাকি, শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকালে সেই ভবনের সংস্কারকাজ শুরু করে। শ্রমিকেরা ভবনের ভেতরে ভাঙা ও ফেটে যাওয়া দেয়ালে সিমেন্ট না দিয়ে চুন লাগানোর চেষ্টা করে। এ সময় সিমেন্টের আস্তরণ দিয়ে রং লাগানোর কথা বললে সুমন নামের এক শ্রমিক খেপে গিয়ে আমাকে অশ্লীল ভাষায় গালি দিয়ে লাঞ্ছিত করে। এমনকি আমার স্বামী হানিফকে মারধরের চেষ্টা করে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তাকে জানিয়েছি।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুনুর রশিদ জানান, প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে হাসপাতাল ও আবাসিক ভবনের সংস্কারকাজ করছেন ঠিকাদার। চট্টগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশল কর্মকর্তা নজরুল ইসলাম এ কাজ তত্ত্বাবধান করছেন। ঠিকাদার শ্রমিক দিয়ে যেনতেনভাবে সংস্কারকাজ শুরু করলেও তদারক করছে না কেউ। মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারী প্রকৌশল কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই শ্রমিককে বাদ দেওয়া হবে।