সংস্কারকাজের জন্য বন্ধ কালুরঘাট সেতু
সংস্কারকাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কালুরঘাট রেল সেতু। গতকাল শনিবার সকাল থেকে বিকল্প হিসেবে সেতুর নিচে কর্ণফুলী নদীতে চালু করা হয়েছে ফেরি। রেলওয়ে সূত্র জানায়, সংস্কারকাজ শেষ করতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। এই সময় ফেরির মাধ্যমে সব ধরনের যানবাহন পারাপার করা হবে। তবে তিন মাসের আগেই সংস্কারকাজ শেষ করতে চেষ্টা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল ছয়টা থেকে কর্ণফুলী নদীতে ফেরি চালু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। যানবাহন পারাপারের কাজে তিনটি ফেরি রাখা হয়েছে। এর মধ্যে দুটি ফেরি সার্বক্ষণিকভাবে চলাচল করবে। অন্য ফেরিটি রাখা হয়েছে ‘স্ট্যানন্ডবাই’ হিসেবে। সেতু বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা যানজটের আশঙ্কা করছেন। তবে সওজের কর্মকর্তারা বলছেন, এই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন কম চলাচল করে। তাই যানজটের আশঙ্কা কম। এর আগে গত ৭ ফেব্রুয়ারি, ১৫ মার্চ ও ২ মে তিনবার সেতুটি মেরামতের উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু বিভাগ। কিন্তু ফেরি চালু করতে না পারায় সংস্কারকাজ শুরু করা সম্ভব হয়নি। রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু বিভাগের প্রকৌশলী আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘সংস্কারের জন্য আজ (শনিবার) থেকে কালুরঘাট সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। পুরো সংস্কারকাজ শেষ করতে তিন মাসের মতো সময় লাগতে পারে।’সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘ফেরি চলাচলের জন্য প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়ক, জেটিঘাট ও বেইলি সেতু স্থাপন করা হয়েছে। দুটি ফেরি নিয়মিত গাড়ি পারাপার করবে। অন্যটি অপেক্ষমাণ হিসেবে থাকবে। ফেরিগুলোতে একসঙ্গে নয়টি ট্রাক পারাপার সম্ভব। ছোট-মাঝারি যানবাহন হলে আরও বেশি সংখ্যায় পারাপার করা যাবে।’