সংস্কারকাজের জন্য মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল পর্যন্ত এলাকায় এক সপ্তাহ ধরে যানজট তীব্র আকার ধারণ করেছে। মহাসড়কটির সিরাজগঞ্জ অংশের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সংস্কারকাজ এবং ক্ষতিগ্রস্ত নলকা সেতু মেরামতের কারণেই এই যানজট।

গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দ্রুতগতিতে সংস্কারকাজ এগিয়ে চলেছে। গোলচত্বরের পূর্ব পাশের কার্পেটিংতুলে ফেলে তিন স্তরে ইট বিছিয়ে (হেরিংবন্ড) রাস্তা করা হচ্ছে। এ কাজে নিযুক্ত রয়েছেন ৩০ থেকে ৪০ জন ব্যক্তি। এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত নলকা সেতু। ক্ষতিগ্রস্ত সেতুর ওপর থেকে কার্পেটিংতুলে ফেলা হয়েছে। খুলে ফেলা হয়েছে সেতুর পুরোনো এক্সপানশন জয়েন্ট। সেখানে মোটা লোহার পাত বসানো হচ্ছিল। দুটি স্থানেই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের এ কাজে সহায়তা করছে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশের একটি দল।

হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সংস্কারকাজে নিযুক্ত শ্রমিক রমিজ উদ্দীন প্রথম আলোকে বলেন, তাঁরা রাতদিন কাজ করে যাচ্ছেন। আগামী সাত-আট দিনের দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন। কাজ শেষ হয়ে গেলে আগের মতোই স্বাভাবিকভাবে যান চলাচল করবে। তখন আর আর মহাসড়কটিতে কোনো যানজট থাকবে না।

সিরাজগঞ্জ সওজ সূত্র বলছে, গত ঈদের পর অতিরিক্ত বৃষ্টির কারণে সিরাজগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বেহাল হয়ে যায়। এর মধ্যে রয়েছে বনপাড়া-হাটিকুমরুল ও ঢাকা-পাবনা মহাসড়ক। তবে ঢাকা-বগুড়া মহাসড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। হাটিকুমরুল গোলচত্বরের পূর্ব দিকে এ মহাসড়কের ৫০০ মিটারের মতো অংশ দেখার মতো নেই। সেখানে কার্পেটিং (বিটুমিন পাথর) উঠে গিয়ে সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়। আর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় অবস্থিত সেতুটির দুরবস্থা বছর পাঁচেক ধরেই। এত দিন জোড়াতালি দিয়ে সেটি চলাচলের উপযোগী রাখার চেষ্টা করা হয়। কিন্তু চলতি বর্ষায় সেতুটির এক্সপানশন জয়েন্ট মারাত্মকভাবেক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সেতুর ওপরে সড়কের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। ফলে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। সিরাজগঞ্জ সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুততার সঙ্গে মহাসড়কের গোলচত্বর এলাকা সংস্কার এবং নলকা সেতু মেরামত করার উদ্যোগ নেন। ২৯ জুলাই থেকে সেই কাজ শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের এ অংশে এসে যানবাহন প্রায় থেমে যাচ্ছে। কারণ একদিকে যান চলাচল স্বাভাবিক রেখে অন্য দিক বন্ধ করে সংস্কারকাজ চলছে। ফলে পালাক্রমে একদিকের যানবাহন থামিয়ে রেখে অন্যদিকেরগুলো চলতে দেওয়া হচ্ছে। রাস্তা বন্ধ রাখা হচ্ছে খুব সামান্য সময়ই। এরপরও অতিরিক্ত গাড়ির চাপের কারণে রাস্তার দুদিকেই যানবাহনের দীর্ঘ সারি হয়ে পড়ে যাচ্ছে। তখন সব যানবাহনকে থেমে থেমে ধীরগতিতে চলতে হচ্ছে।

গতকাল সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের এ অংশে এসে আটকা পড়েন শাহজাদপুর উপজেলার তালগাছির বাসিন্দা রত্না বেগম। তিনি হাসপাতালে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। রত্না বেগম ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমি দেড় ঘণ্টা যানজটে পড়ে আছি। হাসপাতালে যেতেই দেরি হয়ে গেল। ওদিকে বাড়িতে কাজ ফেলে এসেছি।’

সার্বিক বিষয়ে সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, মহাসড়কটি ঠিক রাখতে তাঁরা রাতদিন কাজ করছেন। কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ এবং বৃষ্টির কারণে সংস্কারকাজে সময়ক্ষেপণ হচ্ছে। তবে এক সপ্তাহের মধ্যে সব সমস্যা দূর হয়ে যাবে বলে আশা করছেন তিনি। হাটিকুমরুল-বনপাড়া, ঢাকা-পাবনাসহ জেলার অন্যান্য সড়কের বিষয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ অন্য যেসব সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে, সেগুলো সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। ইতিমধ্যে দরপত্রের প্রক্রিয়া শেষ করে কার্যাদেশ দেওয়া হয়ে গেছে। বৃষ্টি ছাড়লেই কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান এসব সড়কে কার্পেটিংয়ের কাজ শুরু করবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।