সংস্কারকাজের ধীরগতিতে ভোগান্তিতে পথচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোমার–চিলাহাটি সড়কের ১৫ কিলোমিটার রাস্তায় খোয়া বিছিয়ে ছয় মাস ধরে ফেলে রাখায় দুর্ভোগের শিকার হচ্ছে ওই পথের চলাচলকারী লোকজন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ডোমার–চিলাহাটি সড়কের ১৫ কিলোমিটার রাস্তায় খোয়া বিছিয়ে ছয় মাস ধরে ফেলে রাখায় দুর্ভোগের শিকার হচ্ছে ওই পথের চলাচলকারী লোকজন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

নীলফামারীর ডোমার-চিলাহাটি সড়কে সংস্কারকাজে ধীরগতির কারণে স্থানীয় লোকজন ভোগান্তির শিকার হচ্ছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, সড়কটিতে ইটের খোয়া বিছিয়ে প্রায় ছয় মাস ধরে ঠিকাদার ফেলে রাখায় তাঁরা ওই দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে নর্দার্ন বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এলজিইডি ওই কাজটি বাস্তবায়ন করছে। ৭ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ২২৮ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আতিয়ার রহমানকে ২২ ফেব্রুয়ারি ২০১৬ কার্যাদেশ দেওয়া হয়। ২১ ফেব্রুয়ারি ২০১৭ কার্যাদেশের মেয়াদ শেষ হবে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ডোমার থেকে চিলাহাটির বোতলগঞ্জ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কে ইটের খোয়া বিছিয়ে রাখা হয়েছে। এ সময় কথা হয় ওই সড়ক দিয়ে চলাচলকারী জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া গ্রামের রজব আলী সরকারের (৪০) সঙ্গে। তিনি বলেন, ‘সড়কটি ভেঙে কিছুদিন ধরে খোয়া বিছিয়ে রাখায় ঝুঁকি নিয়ে তাঁদের চলাচল করতে হচ্ছে। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। প্রায় দেড় মাস আগে এই সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হন। আহত হয়েছেন তাঁর স্বামী ও শিশুসন্তান। গোটা সড়ক একসঙ্গে না ভেঙে ভাগ ভাগ করে কাজ করলে এতটা সমস্যা হতো না। সড়কের পিচ ঢালাইয়ের কাজ কেন হচ্ছে না, তাঁরা জানেন না।
একই ইউনিয়নের ধনচনপুর বাজারের ব্যবসায়ী আবু আলম (৬০) বলেন, ‘প্রায় ছয় মাস ধরে রাস্তাটা এভাবে পড়ে আছে, ঠিকাদারের লোকজনকেও দেখা যায় না, আমাদের কথা কেউ শোনে না। একটা গাড়ি গেলে গোটা এলাকা ধুলায় ভরে যায়। এ রাস্তায় প্রায় দিনই মোটরসাইকেল, ভ্যান, রিকশা উল্টে পড়ে। মানুষজন আহত হচ্ছে। মালপত্র আনা-নেওয়া করতে পরিবহন খরচ বেশি দিতে হয়। কত দিনে যে সড়কটির কাজ শেষ হবে কে জানে।’
ভ্যানচালক ইলিয়াস আলী (৩৫) বলেন, এভাবে আর কত দিন চলা যায়? রাস্তাটা ভেঙে ছয় মাস ধরে এভাবে ফেলে রেখেছে। ভ্যান-রিকশা নিয়ন্ত্রণে রাখা যায় না। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ভ্যান-রিকশার টায়ার ১৫ দিনও যায় না। একবার এই পথে যে যায়, সে আর যেতে চায় না।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান আতিয়ার রহমানের প্রকৌশলী আবুল হাসেম বলেন, ‘এলজিইডি আমাদের বলেছে, গোটা রাস্তা ভেঙে কাজ করতে। সে হিসাবে আমরা ডোমার থেকে বোতলগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক ভেঙে খোয়া বিছিয়েছি। এখন দুই ধারে প্রশস্তকরণের কাজ চলছে। প্রশস্তকরণের কাজ শেষ হলে কার্পেটিং শুরু করা হবে। সেটা করতেও আরও প্রায় এক মাস সময় লাগতে পারে।’
এ বিষয়ে কথা বললে, এলজিইডির ডোমার উপজেলা প্রকৌশলী মো. ওবায়দুর রহমান বলেন, ‘আমরা ঠিকাদারকে বিভিন্ন অংশে ভাগ করে কাজ করতে বলেছি। তারা সেটি না করে একসঙ্গে সম্পূর্ণ সড়ক ভেঙে কাজ শুরু করায় জনদুর্ভোগ বেড়েছে। ঠিকাদার পর্যাপ্ত ইট না পাওয়ার অজুহাতে এত দিন কাজ বন্ধ রেখেছিল। এখন ইট পাওয়া যাচ্ছে, তাই তারা কাজ শুরু করেছে। ধুলা বন্ধ করতে ঠিকাদারকে নিয়মিত সড়কে পানি দিতে বলা হয়েছে।’