সংস্কারহীন সাতটি সেতু যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলেঙ্গা-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া এলাকার সেতুর এক পাশের রেলিং ভাঙা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
এলেঙ্গা-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া এলাকার সেতুর এক পাশের রেলিং ভাঙা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতীর এলেঙ্গা থেকে ভূঞাপুর উপজেলা পর্যন্ত সড়কের সাতটি সেতু দীর্ঘদিন ধরে সংস্কার না করায় মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এ পথে চলাচলকারী অনেকে। তা সত্ত্বেও সেতুগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই।
সরেজমিনে দেখা গেছে, এলেঙ্গা থেকে ভূঞাপুর পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কের নয়টি সেতুর মধ্যে সাতটিই এক দশকের বেশি সময় ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই সড়কের কালিহাতী উপজেলাধীন ফুলতলা, সামপুর, নারান্দিয়া ও এলেঙ্গা লুৎফর রহমান মতিন কলেজ-সংলগ্ন সেতু বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ফুলতলা সেতুর দুই পাশের রেলিং ভাঙা, সামপুর সেতুর পাটাতনের স্টিলের কয়েকটি পাত সরে গেছে। নারান্দিয়া ও মতিন কলেজ-সংলগ্ন সেতু দুটির অবস্থা অত্যন্ত নাজুক। এ ছাড়া সিংগুরিয়া, শিয়ালকোল ও কাগমারিপাড়া সেতুরও একই অবস্থা।
এলেঙ্গা-ভূঞাপুর সড়ক দিয়ে টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। এ ছাড়া জামালপুর জেলার তারাকান্দি সার কারখানার মালবাহী পরিবহন চলাচলের প্রধান সড়ক এটি। অনেক সময় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে যানজট বা কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে এই সড়কটি উত্তরবঙ্গগামী যানবাহনগুলো বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করে থাকে। আবদুস সালাম নামের এক ট্রাকচালক বলেন, মালামালসহ পরিবহন নিয়ে এই সড়কের সেতুগুলোতে ওঠার সঙ্গে সঙ্গে জোরে ঝাঁকুনি শুরু হয়। মনে হয় সেতু বুঝি ভেঙে গেল। খুব ভয় লাগে। টাঙ্গাইল থেকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিগামী বাসের যাত্রী শামীম হাসান বলেন, এই সড়ক দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। কিন্তু কর্তৃপক্ষ সেতুগুলো মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না।
গতকাল বুধবার সরেজমিনে এই সড়কে দেখা যায়, কালিহাতীর ফুলতলা এলাকার সেতুটির রেলিং ভাঙা। ঝুঁকি নিয়ে যানবাহন পার হচ্ছে। প্রতিটি যানবাহন প্রথমে সেতুর সামনে থেমে যায়। তারপর খুব ধীরগতিতে সেতুতে উঠে পার হচ্ছে। যানবাহন পার হওয়ার সময় সেতুতে ঝাঁকুনির সৃষ্টি হয়। মোটরসাইকেল আরোহী শাহ আলম মিয়া বলেন, রাতের বেলা অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তার সেতুগুলো পার হতে হয়। সামপুর সেতুতে গিয়ে দেখা যায়, মূল সেতুর মুখে বেইলি সেতু লাগানো। স্থানীয় কয়েকজন বলেন, প্রায় ১৫ বছর আগে বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর মূল সেতুর ওপর বেইলি সেতু লাগানো হয়। বেইলি সেতুর অবস্থাও শোচনীয়। সেতুগুলোর দুই পাশে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ‘ঝুঁকিপূর্ণ সেতু, সাবধানে পারাপার’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে।
ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম বলেন, এই সড়কের সেতুগুলো মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য তাঁরা একাধিকবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তুলে ধরেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
সওজ বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী কে এম নূর-ই-আলম বলেন, টাঙ্গাইল-ভূঞাপুর সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কের সেতুগুলো সংস্কার এবং ২১ কিলোমিটার রাস্তা চওড়া করার জন্য ১১৮ কোটি টাকার একটি প্রকল্প বেশ কিছুদিন আগে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই কাজ শুরু হবে।