নির্মাণের পর ১৪ বছরেও কোনো সংস্কার না করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা আশ্রয়ণ প্রকল্পের নয়টি ব্যারাকের ৯০টি ঘরই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ইতিমধ্যে সেখানকার ৪০টি পরিবার ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। কোনো উপায় না থাকায় বাকি পরিবারগুলো ভাঙা ঘরে কোনো রকমে টিকে আছে।
রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০-০১ অর্থবছরে চরলতায় নয়টি ব্যারাকে ৯০টি ঘরের এই আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয়। নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে সর্বস্বহারা ৯০টি পরিবারকে সেখানে পুনর্বাসন করা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরের টিনের চাল ভাঙাচোরা, লোহার অ্যাঙ্গেলগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। ভেঙে পড়েছে সিমেন্টের তৈরি খুঁটিগুলো। বেশির ভাগ ঘরের বেড়াই ভাঙাচোরা।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আবু সায়েম (৩৮) বলেন, ‘এইখানে ৯০টি ফেমিলি (পরিবার) থাকত। সিডর, আইলাসহ কয়েকটি বানে (ঘূর্ণিঝড়) ব্যারাকের ঘরগুলা ভাইঙ্গা যায়। ঘরগুলা মেরামত না করায় তাতে বসবাস করা সম্ভব হচ্ছে না। তাই এখান থেকে ৪০টি ফেমিলি ওয়াপদার রাস্তায় (বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ) যাইয়া ঘর বানাইছে। কোনো উপায় না থাকায় আমরা এইখানে কোনো রকম টিক্যা (টিকে) আছি।’
আরেক বাসিন্দা মাইনুদ্দিন পেয়াদা (৪৮) বলেন, ‘ব্যারাকের ভাঙা ঘরে অনেক কষ্টে পরিবার লইয়া টিক্যা রইছি। একটু বৃষ্টি হইলেই ঘরের মালামাল ভিজ্যা যায়। বান ছাড়লে তো কথাই নাই। পোলাপান তখন হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। এই ঘরগুলায় এখন আর মানুষের থাকার অবস্থা নাই। কয়েক দিন পরে আমিও অন্য জায়গায় যাওনের কথা ভাবছি। এখানের সবাই সুযোগ পাইলে অন্য জায়গায় চইলা যাইবে।’
চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। ইচ্ছা থাকলেও তাঁদের সুবিধার জন্য কিছুই করতে পারছি না। কারণ এ খাতে খরচ করার মতো সরকারি কোনো বরাদ্দ নেই।’
রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ সেখানকার ৪০টি পরিবারের ঘর ছেড়ে চলে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমরা একাধিকবার সরেজমিনে চালিতাবুনিয়ার চরলতা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের দুর্ভোগের অবস্থা দেখেছি। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সংস্কারের জন্য কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে জানিয়েছি। কিন্তু পুরোনো আশ্রয়ণ প্রকল্পের সংস্কারের জন্য এখন পর্যন্ত কোনো ধরনের বরাদ্দ পাওয়া যায়নি। অন্য খাত থেকে এ খাতে খরচ করারও কোনো সুযোগ নেই।’