সংস্কারে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের কার্পেটিং কাজে পাথর ব্যবহারের অনুপাতে গরমিল ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহার ও উভয় পাশে মহাসড়ক বর্ধিতকরণ কাজে যে পরিমাণ বালু ও খোয়া মিশ্রণ করার কথা, তা করা হচ্ছে না।
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্র জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত মহাসড়কের ৩২ কিলোমিটার অংশ কার্পেটিং ও উভয় পাশে বর্ধিতকরণ কাজের জন্য ২০১২ সালের শুরুতে দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় ১৯ কোটি ৫০ টাকা। কাজের দায়িত্ব পায় সিরাজগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান তুরনা এন্টারপ্রাইজ। বর্ধিত প্রাক্কলন পাস করা ও মামলাসংক্রান্ত জটিলতার কারণে সংস্কারকাজ দুই বছর বন্ধ থাকে। এসব নিরসন হওয়ার পর চলতি বছরের ৫ জানুয়ারি কাজ শুরু হয়। আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু গত ১৫ মার্চ পর্যন্ত কাজের ৯০ শতাংশ অগ্রগতি হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
সূত্র আরও জানায়, মহাসড়কের পাকা অংশে নতুন করে কার্পেটিং কাজে ২০ মিলিমিটার পাথর শতকরা ২৫ ভাগ, ১২ মিলিমিটার পাথর শতকরা ৩৫-৪০ ভাগ, ৬ মিলিমিটার পাথর শতকরা ১৫-২০ ভাগ এবং মোটা বালু শতকরা ২০-২৫ ভাগ ব্যবহার করার কথা রয়েছে। এ ছাড়া ৭ দশমিক ৩ মিটার প্রশস্ত এই মহাসড়কের দুই ধারে দেড় মিটার করে মোট তিন মিটার প্রশস্তকরণের কাজ চলছে। এ কাজে যেখানে পুরোনো হার্ড শোল্ডার (ইটের খোয়া ও বালু দিয়ে তৈরি সড়ক) নষ্ট হয়েছে, সেখানে নতুন করে শতকরা ৬০ ভাগ ইটের খোয়া ও শতকরা ৪০ ভাগ বালু মিশ্রণ করে তিন ইঞ্চি গভীর করে হার্ড শোল্ডার নির্মাণ করতে হবে। তারপর কাজ মজবুত করতে পানি ও রোলার মেশিন দিয়ে বালু-খোয়া বসিয়ে দেওয়ার নিয়ম রয়েছে।
১৫ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, পাথরের অনুপাতে গরমিল ও প্রয়োজনীয় বিটুমিন না দিয়েই কার্পেটিংয়ের কাজ চলছে। দরপত্রের শর্তে পাথর ব্যবহারের যে অনুপাত দেখানো হয়েছে, সেই অনুপাতে কাজ হচ্ছে কি না তা জানতে গোবিন্দগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত একজন প্রকৌশলীকে কাজের স্থলে নিয়ে যাওয়া হয়। কাজ দেখে নাম প্রকাশ না করার শর্তে ওই প্রকৌশলী প্রথম আলোকে বলেন, যেসব পাথর ব্যবহার করা হয়েছে, তা দরপত্রের শর্তে উল্লেখিত অনুপাতের এক-তৃতীয়াংশ। এ ছাড়া ব্যবহূত নির্মাণসামগ্রীও নিম্নমানের। এদিকে মহাসড়ক বর্ধিতকরণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরোনো হার্ড শোল্ডারের ওপরই সামান্য বালু ফেলে কাজ করছে।
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট গ্রামের ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ‘বর্ধিতকরণ কাজে পুরোনো হার্ড শোল্ডারের ওপর সামান্য পরিমাণ বালু ফেলেই রোলারযন্ত্র দিয়ে চাপ দিয়ে বালু বসিয়ে দেওয়া হচ্ছে। নতুন খোয়া ও বালু মিশ্রণ ব্যবহার করতে দেখিনি।’
সোলায়মান আলী নামে এক ব্যক্তি অভিযোগ করেন, সওজ কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদারের লোকজন মনগড়া কাজ করছেন। কাজ তদারকি করতে সওজ কর্তৃপক্ষের কাউকে দেখা যাচ্ছে না।
তুরনা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বাবুল হোসেন বলেন, সংস্কারকাজে গরমিল ও অনিয়মের অভিযোগ ঠিক নয়। দরপত্রের শর্ত অনুযায়ী কাজ করা হচ্ছে।
গাইবান্ধা সওজের উপবিভাগীয় প্রকৌশলী রেজাউল হক প্রধান বলেন, মহাসড়ক কার্পেটিং ও বর্ধিতকরণ কাজে কোনো অনিয়মের অভিযোগ পাইনি। তার পরও অনিয়ম হচ্ছে কি না তা খতিয়ে দেখা হবে।